নাটোরে ৩২ পাম্পে একযোগে ফুয়েল কার্ডে জ্বালানি তেল বিতরণ শুরু
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পিএম
ছবি : ভোরের কাগজ
প্রথমবারের মতো নাটোরে ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম চালু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টা থেকে জেলার ৩২টি পেট্রোল পাম্পে একযোগে এই সেবা কার্যক্রম শুরু হয়। পাম্পের কর্মীরা প্রথমে গ্রাহকদের ফুয়েল কার্ড স্ক্যান করে তথ্য যাচাই করছেন এরপর নির্ধারিত পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে। কার্ড না থাকলে গ্রাহকদের তেল না দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে। কোনো জটিলতা ছাড়াই দ্রুত সেবা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অনেক গ্রাহক।
মোটরসাইকেলে তেল নিতে আসা গ্রাহক ফরিদ দেওয়ান জানান, তিনি শহরের একটি কিন্ডারগার্টেন স্কুলে কর্মরত। নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের বাসিন্দা তিনি। প্রতিদিন যাতায়াত ও বিভিন্ন কাজে মোটরসাইকেল ব্যবহার করতে হয় বলে তিনি ফুয়েল কার্ড করেছেন। তিনি জানান, আগে তেল নিতে গিয়ে সময় নষ্ট ও ভোগান্তির শিকার হতে হতো। অনেক সময় প্রয়োজনীয় তেলও পাওয়া যেত না। এবার প্রথমবার কার্ডের মাধ্যমে তিনি ৭০০ টাকার অকটেন পেয়েছেন এবং এতে তিনি সন্তুষ্ট।
পাম্প কর্মচারী আব্দুস সামাদ বলেন, দীর্ঘদিন ধরে তেল বিতরণে নানা ধরনের চাপ ও ভোগান্তির মুখে পড়তে হয়েছে তাদের। অনেক সময় অনিয়মিতভাবে তেল দিতে বাধ্য হয়েছেন এবং গ্রাহকদের চাপ, এমনকি অসৌজন্যমূলক আচরণের মুখেও পড়েছেন। নতুন এই কার্ড ব্যবস্থায় যাচাই ছাড়া তেল দেওয়ার সুযোগ না থাকায় পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে বলে তিনি মনে করেন।
আরো পড়ুন : উৎপাদনে গতি কমলেও জ্বালানি সরবরাহে প্রভাব পড়বে না: জ্বালানি বিভাগ
উত্তরবঙ্গ পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম প্রামাণিক জানান, ফুয়েল কার্ড ব্যবহারের ফলে লেনদেনে স্বচ্ছতা আসবে এবং গ্রাহকদের ভোগান্তি কমবে। সকাল থেকেই সব পাম্পে নিয়ম অনুযায়ী কার্ড যাচাই করে জ্বালানি তেল বিক্রি চলছে এবং পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। প্রশাসনও এ বিষয়ে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে বলে তিনি জানান।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, ফুয়েল কার্ডভিত্তিক জ্বালানি বিতরণ কার্যক্রম শান্তিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে। প্রতিটি পাম্পে পুলিশ মোতায়েন রয়েছে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
