শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, হাসপাতালে ভর্তি
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৯:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
কুষ্টিয়া শহরের মিলপাড়ায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে আসাদুল (৪২) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। রোববার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া পৌর এলাকার ১০ নম্বর ওয়ার্ডের চরমিলপাড়ার ৮ বছর বয়সী এক শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা আসাদুলকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত আসাদুল স্থানীয় বাসিন্দা ফজলু সর্দারের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, নির্যাতনের শিকার শিশুকেও উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. ইকবাল হাসান জানান, শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এতে শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ১১টার দিকে খাবারের প্রলোভন দেখিয়ে শিশুটিকে ডেকে নিয়ে স্থানীয় একটি স্কুলকক্ষে প্রবেশ করেন আসাদুল। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবীর হোসেন মাতুব্বর বলেন, “রোববার দুপুরে শহরের চরমিলপাড়া এলাকায় শিশু ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়েছে—এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় আসাদুল নামের এক ব্যক্তিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালে ভর্তি আহত শিশুর পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে খোঁজখবর নিচ্ছে পুলিশ।”
তিনি আরও বলেন, “ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট জনরোষ ঠেকাতে হাসপাতালসহ সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তদন্ত শুরু হয়েছে।”
