নিজেদের সাবেক খেলোয়াড়ের বার্সায় যাওয়া নিয়ে রিয়ালের হুঁশিয়ারি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পিএম
রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিক্তর মুনোজ। ছবি- গোল ডট কম
চলতি লা লিগা মৌসুমের অন্যতম বড় আবিষ্কার ভিক্তর মুনোজ। রিয়াল মাদ্রিদের একাডেমি ‘লা ফ্যাব্রিকা’ থেকে উঠে আসা এই দ্রুতগতির উইঙ্গার বর্তমানে ওসাসুনার জার্সিতে আলো ছড়াচ্ছেন। তার দারুণ ফর্মের পুরস্কার হিসেবে স্পেন জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তেও তাকে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক করিয়েছেন। তবে মুনোজের এই সাফল্যেই কপালে ভাঁজ ফেলেছে রিয়াল মাদ্রিদের। সম্প্রতি তাকে নিয়ে বার্সেলোনার আগ্রহের গুঞ্জন চাউর হতেই নড়েচড়ে বসেছে মাদ্রিদ কর্তৃপক্ষ।
মুনোজ ওসাসুনায় থাকলেও তার ওপর রয়েছে রিয়াল মাদ্রিদের শক্তিশালী নিয়ন্ত্রণ। চুক্তির শর্ত অনুযায়ী, মুনোজের ওপর রিয়ালের ‘ফার্স্ট রিফিউজাল’ বা অগ্রাধিকার ক্রয়ের অধিকার রয়েছে। এ ছাড়া রয়েছে বাই-ব্যাক ক্লজ এবং ভবিষ্যতে বিক্রি হলে সেই অর্থের ৫০ শতাংশ পাওয়ার অধিকার। রিয়াল কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, একাডেমির কোনো ফুটবলারকে তারা কোনো পরিস্থিতিতেই বার্সেলোনার জার্সিতে দেখতে চায় না।
নিকো পাজ বা ইয়াকোবো রামোনের মতো মুনোজও রিয়ালের বিশেষ তিন বছরের যৌথ চুক্তির আওতায় রয়েছেন। গত পাঁচ বছর ধরে রিয়াল এই কঠোর নীতি অনুসরণ করছে, যেখানে ক্লাবের সরাসরি অনুমতি ছাড়া কোনো খেলোয়াড় একতরফাভাবে অন্য ক্লাবে যোগ দিতে পারেন না।
মুনোজের এজেন্ট পরিবর্তন নিয়ে ফুটবল পাড়ায় গুঞ্জন উঠেছিল যে, এটি হয়তো বার্সেলোনায় যাওয়ার একটি প্রস্তুতি। তবে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, কয়েক মাস আগেই এই পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল এবং এর সঙ্গে বার্সায় যাওয়ার কোনো সম্পর্ক নেই। বরং এটি মুনোজের দীর্ঘমেয়াদি ক্যারিয়ার পরিকল্পনারই অংশ।
বর্তমানে মুনোজের চুক্তিতে ৪০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ থাকলেও রিয়াল মাদ্রিদের সামনে রয়েছে সুবর্ণ সুযোগ। তারা চাইলে আগামী গ্রীষ্মকালীন দলবদলেই মাত্র ৮ থেকে ১০ মিলিয়ন ইউরোর বিনিময়ে এই উইঙ্গারকে সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরিয়ে আনতে পারবে।
চলতি মৌসুমে লা লিগায় ওসাসুনার সবকটি ম্যাচেই মাঠে ছিলেন মুনোজ। ৫টি গোল ও ৩টি অ্যাসিস্ট করে তিনি ইতিমধ্যেই বড় ক্লাবগুলোর নজরে পড়েছেন। বার্সেলোনা ছাড়াও ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ ও ইতালির সিরি আ’র কয়েকটি ক্লাব তার ওপর নজর রাখছে। স্পেনের হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই তরুণ এখন কাতার বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাওয়ার লক্ষ্যে এগোচ্ছেন।
