সব সম্পদ ফেরত পেলেন ইরান নারী ফুটবল দলের অধিনায়ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১১:১০ এএম
ইরান নারী ফুটবল দলের অধিনায়ক জহরা কানবারি। ছবি- সংগৃহীত
অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ চলাকালীন সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে অধিনায়ক জাহরা ঘানবারির ব্যক্তিগত সম্পদ জব্দ করেছিল ইরান সরকার। সোমবার (১৩ এপ্রিল) আদালতের এক চূড়ান্ত সিদ্ধান্তে সেই সম্পদ অবমুক্ত করা হয়। বিচার বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘানবারির ‘আচরণে ইতিবাচক পরিবর্তন’ এবং তাকে ‘নির্দোষ’ হিসেবে গণ্য করার পর এই আইনি বাধা সরিয়ে নেয়া হয়েছে।
গত মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়ান কাপ চলাকালে ঘানবারিসহ দলের ছয়জন খেলোয়াড় ও একজন স্টাফ সদস্য অস্ট্রেলিয়া সরকারের কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন। সে সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধকালীন পরিস্থিতির কারণে ওই খেলোয়াড়রা দেশে ফিরলে শাস্তির মুখে পড়তে পারেন—এমন আশঙ্কায় তাদের সুরক্ষা দিতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক। মূলত টুর্নামেন্টের শুরুতে জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকৃতি জানানোর পর থেকেই বিপাকে পড়েন ইরানি নারী ফুটবলাররা।
এশিয়ান কাপের প্রথম ম্যাচে ইরানের খেলোয়াড়রা জাতীয় সঙ্গীত না গাইলে দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে তাদের ‘বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যা দেয়া হয়। এর পরপরই দেশটিতে অবস্থানরত এসব খেলোয়াড়দের সম্পদ জব্দ করার ঘোষণা আসে। তবে টুর্নামেন্টের পরের ম্যাচগুলোতে খেলোয়াড়রা জাতীয় সঙ্গীত গেয়ে নিজেদের অবস্থান পরিবর্তন করেন। তীব্র চাপের মুখে গত ১৯ মার্চ জাহরা ঘানবারিসহ পাঁচজন খেলোয়াড় ইরানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং তেহরানে পৌঁছালে তাদের বিশেষ সংবর্ধনাও দেয়া হয়।
আশ্রয় প্রার্থনার সিদ্ধান্ত থেকে সরে আসা খেলোয়াড়রা জানিয়েছেন, টুর্নামেন্ট চলাকালীন তারা তীব্র মানসিক চাপের মধ্যে ছিলেন। দলের অন্যতম সদস্য মোনা হামৌদি বলেন,‘প্রতিটি ছোট পদক্ষেপ নেয়ার আগে আমাদের দুবার ভাবতে হয়েছে, কারণ যেকোনো ছোট ভুল আমাদের জন্য বড় বিপদ ডেকে আনতে পারত।’
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরানের গণমাধ্যম ‘বিশ্বাসঘাতক’ হিসেবে চিহ্নিত ব্যক্তিদের যে তালিকা প্রকাশ করেছিল, সেখানে ঘানবারির নামও অন্তর্ভুক্ত ছিল। তবে ঘানবারিরা দেশে ফিরে আসার পর সরকার নমনীয় অবস্থান গ্রহণ করে। বর্তমানে দলের অন্য দুজন খেলোয়াড় ইরানে না ফিরে অস্ট্রেলিয়াতেই রয়ে গেছেন এবং ব্রিসবেন রোয়ার ক্লাবের হয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন।
