ফুটবলের পাশাপাশি ক্রিকেটে যুক্ত হলেন বেলিংহাম!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পিএম
ছবি- সংগৃহীত
ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ এবার যুক্ত হলো ফুটবলীয় রোমাঞ্চ। নিজ শহর বার্মিংহামের দল ‘বার্মিংহাম ফিনিক্স’-এর মালিকানায় নাম লিখিয়েছেন রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ড ফুটবল দলের পোস্টার বয় জুড বেলিংহাম। ২০২৬ সালের জানুয়ারিতে হওয়া এক চুক্তির মাধ্যমে দলটির ১.২ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন এই মিডফিল্ডার, যার বাজারমূল্য প্রায় ১০ লাখ পাউন্ড।
বার্মিংহাম ফিনিক্সের মালিকানা কাঠামোতে এই সংযুক্তি নতুন মাত্রা যোগ করেছে। বর্তমানে ক্লাবটির সংখ্যাগরিষ্ঠ অংশীদার হিসেবে ৫০.৪ শতাংশ শেয়ার রয়েছে স্বাগতিক ওয়ারউইকশায়ার কাউন্টি ক্লাবের হাতে। এছাড়া মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান নাইটহেড ক্যাপিটাল ম্যানেজমেন্টের দখলে রয়েছে ৪৮.৪ শতাংশ শেয়ার। মূলত বার্মিংহামের ছেলে বেলিংহাম তার শিকড়ের টানেই এই বিনিয়োগে আগ্রহী হয়েছেন। বার্মিংহাম সিটির একাডেমি থেকে উঠে আসা এই ফুটবলার কৈশোরে স্থানীয় পর্যায়ে ক্রিকেটও খেলতেন।
এদিকে মাঠের লড়াইয়ের জন্য এবার বেশ ভারসাম্যপূর্ণ দল গড়েছে ফিনিক্স। আগামী ২১ জুলাই শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের নতুন আসরে দলটির বড় চমক বাংলাদেশের অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান। ১ লাখ পাউন্ডের বিনিময়ে ড্রাফট থেকে ফিজকে দলে ভিড়িয়েছে তারা।
তবে একই ড্রাফটে থাকা বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসাইন অবশ্য দল পান নি। মোস্তাফিজের সঙ্গে স্কোয়াডে আরও থাকছেন ক্রিস ওকস, উসমান কাদির ও ডোনোভান ফেরেইরার মতো তারকারা। পুরুষ দলের নেতৃত্বে থাকছেন জ্যাকব বেথেল এবং নারী দলের অধিনায়কত্বের ভার সামলাবেন এলিসা পেরি।
