কোহলিদের মাঠ থেকে সরে গেল আইপিএলের ফাইনাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৯:২২ পিএম
আইপিএল ট্রফি। ছবি- সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি মৌসুমের ফাইনাল হওয়ার কথা ছিল কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ৩১ মে আইপিএলের মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
নিয়ম অনুযায়ী, আগের আসরের চ্যাম্পিয়ন দলের ঘরের মাঠে ফাইনাল আয়োজিত হয়। সেই হিসেবে গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরুর মাঠেই হওয়ার কথা ছিল শিরোপা নির্ধারণী ম্যাচটি। তবে বিসিসিআই জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ ও অ্যাসোসিয়েশনের কিছু শর্ত বোর্ডের নির্ধারিত নীতিমালার বাইরে হওয়ায় শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হয়েছে।
বিসিসিআইয়ের এই সিদ্ধান্তে টানা দ্বিতীয়বারের মতো আইপিএল ফাইনাল আয়োজন করতে যাচ্ছে আহমেদাবাদ। এর আগে গত বছর (২০২৫) প্রতিকূল আবহাওয়ার কারণে কলকাতার ইডেন গার্ডেনস থেকে সরিয়ে ফাইনাল নেওয়া হয়েছিল বিশ্বের বৃহত্তম এই ক্রিকেট ভেন্যুতে।
এদিকে প্লে-অফের পূর্ণাঙ্গ সূচিও প্রকাশ করেছে বিসিসিআই। ২৬ মে ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামে হবে প্রথম কোয়ালিফায়ার। ২৭ মে চণ্ডীগড়ের নিউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এলিমিনেটর ম্যাচ। একই ভেন্যুতে ২৯ মে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার।
বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, অপারেশনাল ও লজিস্টিক কারণে বিশেষ পরিস্থিতিতে এবার তিনটি ভিন্ন ভেন্যুতে প্লে-অফ আয়োজন করা হচ্ছে। বেঙ্গালুরুতে ফাইনাল করার কথা থাকলেও স্থানীয় কিছু চাহিদার সঙ্গে বোর্ডের নীতিমালার মিল না থাকায় ভেন্যু পুনর্নির্ধারণ করা হয়েছে।
