বিসিবিতে না থাকার সিদ্ধান্ত প্রতিমন্ত্রীর ছেলের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৯:১৯ পিএম
ছবি- সংগৃহীত
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত ছিল রাজশাহী বিভাগের কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্তের। তবে শেষ মুহূর্তে এসে ক্রিকেট বোর্ডে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন এই তরুণ ক্রীড়া সংগঠক। পারিবারিক ও ব্যবসায়িক ব্যস্ততার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
মীর সীমান্তের বাবা মীর শাহে আলম বর্তমান বিএনপি সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী। বাবা সরকারের নতুন দায়িত্ব নেওয়ার পর থেকে তাদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান ও লিমিটেড কোম্পানির শেয়ারসহ সার্বিক দেখভালের মূল দায়িত্ব পড়েছে ছেলে সীমান্তের ওপর। বর্তমানে তিনি একাধিক ফিলিং স্টেশন, অটো রাইস মিল, পুষ্টি চালের কার্নেল ফ্যাক্টরি, আয়োডিন ফ্যাক্টরি, মিনি কোল্ড স্টোরেজ, ফ্লাওয়ার মিল ও কৃষি-প্রাণী খামারসহ বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান সরাসরি তদারকি করছেন।
এ বিষয়ে মীর সীমান্ত বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বড় পরিসরের দায়িত্বের জায়গা। অন্যদিকে পারিবারিক ব্যবসাগুলোর পূর্ণ দায়িত্ব এখন আমার ওপর। সবকিছু একসঙ্গে সমন্বয় করে ক্রিকেট বোর্ডে প্রয়োজনীয় সময় দেওয়া আমার জন্য কঠিন হয়ে পড়বে। তাই বাস্তবতা বিবেচনা করে বোর্ডে না থাকার সিদ্ধান্ত নিয়েছি।’ তবে বোর্ডে না থাকলেও ক্রীড়াঙ্গনে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘একজন ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী হিসেবে ক্রিকেটের উন্নয়ন ও বিকাশে সব সময় পাশে থাকব।’
সীমান্ত আরও জানিয়েছেন, বোর্ডে না আসার এই সিদ্ধান্তের কথা শিগগিরই বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালকে লিখিত চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানাবেন।
সংশ্লিষ্টরা বলছেন, তরুণ সংগঠক হিসেবে সীমান্ত বিসিবিতে আসছেন—এমন খবরে রাজশাহী বিভাগের ক্রিকেটাঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। তবে পারিবারিক ও ব্যবসায়িক ব্যস্ততা বিবেচনা করে তাঁর এই সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে অনেকে দায়িত্বশীল পদক্ষেপ হিসেবেই দেখছেন।
