সালাহর নেতৃত্বে মিশরের বিশ্বকাপ দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৭:২৭ পিএম
ছবি- সংগৃহীত
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে মিসর। অভিজ্ঞ ও তরুণ ফুটবলারদের সমন্বয়ে গঠিত এই দলে প্রত্যাশিতভাবেই নেতৃত্ব দিচ্ছেন তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ। এ ছাড়া দলে জায়গা পেয়েছেন ওমর মারমুশ, মাহমুদ ত্রেজেগে ও ইমাম আশুরের মতো চেনা মুখেরা।
এক আসর বিরতির পর ফুটবল বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে ফিরছে ফারাওরা। আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে শুরু হবে ইতিহাসের প্রথম ৪৮ দলের এই বিশ্বকাপ। আফ্রিকার অন্যতম পরাশক্তি মিসর এবার শক্তিশালী দল নিয়ে টুর্নামেন্টে বড় চমক দেখানোর স্বপ্ন দেখছে।
ঘোষিত দলে গোলপোস্টের নিচে মিসরের প্রধান ভরসা অভিজ্ঞ মোহাম্মদ এল শেনাওয়ি। তার সঙ্গে গোলরক্ষক হিসেবে থাকছেন মোস্তাফা শোবিয়ের ও এল মাহদি সোলিমান। রক্ষণভাগ সামলানোর দায়িত্বে আছেন মোহাম্মদ আবদেলমোনেম, রামি রাবিয়া, ইয়াসের ইব্রাহিম ও আহমেদ ফাতুহ।
মধ্যমাঠে মাঝমাঠের খেলা নিয়ন্ত্রণ করবেন ইমাম আশুর, মারওয়ান আতিয়া ও নাবিল এমাদ ডোঙ্গা। আক্রমণভাগে অধিনায়ক সালাহর সঙ্গী হিসেবে থাকছেন ইউরোপীয় ফুটবলে দারুণ ফর্মে থাকা ওমর মারমুশ, মাহমুদ ত্রেজেগে, ইব্রাহিম আদেল ও হাইথাম হাসান। তবে চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাননি ওকতাই আবদুল্লাহ।
মিসর ফুটবল ফেডারেশনের পরিচালক ইব্রাহিম হাসান জানিয়েছেন, আজ শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবে দল। বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে আগামী ৬ জুন ওহাইওতে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে মিসর।
এবারের বিশ্বকাপে ‘জি’ গ্রুপে খেলবে মিসর। যেখানে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, ইরান ও নিউজিল্যান্ড। কঠিন এই গ্রুপ পর্বের বাধা পেরিয়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়াই সালাহদের প্রথম লক্ষ্য।
মিশরের বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার: মোহাম্মদ এল-শেনাওয়ি, মোস্তাফা শোবেইর, এল-মাহদি সোলিমান, মোহাম্মদ আলা
ডিফেন্ডার: মোহাম্মদ আবদেলমোনেম, মোহাম্মদ হানি, ইয়াসের ইব্রাহিম, হোসাম আবদেলমাগিদ, আহমেদ ফাতুহ, তারেক আলা, রামি রাবিয়া, হামদি ফাথি, করিম হাফেজ
মিডফিল্ডার: মোহামেদ সালাহ, মারওয়ান আতিয়া, আহমেদ মোস্তাফা ‘জিজো’, মাহমুদ হাসান ‘ত্রেজেগে’, ইমাম আশুর, মোস্তাফা আবদেল রউফ, মোহান্নাদ লাশিন, হাইথাম হাসান, মাহমুদ সাবের, ইব্রাহিম আদেল, নাবিল এমাদ
ফরোয়ার্ড: ওমর মারমুশ, হামজা আবদেল করিম
