চুরির দায়ে গাছে বেঁধে যুবককে পুলিশে সোর্পদ করল এলাকাবাসী
রাহাদ হাসান মুন্না, তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৫ পিএম
ছবি: কাগজ প্রতিবেদক
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা চারাগাঁও গ্রামে চুরির অভিযোগে রেজাউল নামে এক যুবককে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে এলাবাসী। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে তাকে আটক করে বিকেলে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন এলাকাবাসী।
জানা যায়, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চারাগাঁও গ্রামের জাকির হোসেনের বাড়িতে ভোররাতে চুরির চেষ্টা চালায় রেজাউল। এ সময় জাকিরের পরিবারের লোকজন তাকে আটক করে সকাল থেকে বিকাল পর্যন্ত বাড়ির আঙিনার একটি গাছে তাকে বেঁধে রাখা হয়। পরে তার পরিবারকে খবর দেয়া হলে কেউ তাকে ছাড়িয়ে নিতে আসেননি। পরে সন্ধ্যায় থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
এলাকাবাসীর দাবি, আটক রেজাউল দীর্ঘদিন ধরে বিভিন্ন বাড়িতে চুরি করে। তার পরিবার একাধিকবার তাকে শাসন করলেও সে চুরির পথ থেকে সরে আসতে পারেনি। এর পূর্বে তার পরিবারের পক্ষ থেকে তাকে সংশোধনের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হলেও কিছুদিন জেল খেটে এলাকায় ফিরে আবারো চুরির সাথে জড়িয়ে পড়ে এতে তার পরিবার ও এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছেন।
ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ রিপন জানান, চুরির সাথে জড়িত থাকায় রেজাউলকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
