সৌদি আরবের সাথে মিল রেখে তাহিরপুরে ঈদ উদযাপন
রাহাদ হাসান মুন্না, তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০২:৫৬ পিএম
ছবি: কাগজ প্রতিবেদক
সৌদি আরবের সাথে মিল রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের আমতৈল গ্রামের কয়েকশত মুসলিম পরিবার ঈদুল ফিতর উদ্যাপন করেছেন। এছাড়াও উপজেলার রজনী লাইন গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২০ মার্চ) সাড়ে ৯টার দিকে আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদ মাঠে ঈদুর ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। উৎসব মুখর ভাবে জামায়াতে শরীক হন কয়েকশত মুসলিম পরিবারের লোকজন।
ঈদের জামায়াত শেষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় শেষে ধর্মপ্রাণ মুসল্লীরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তির, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ঈদ উদযাপন শেষে আমতৈল গ্রামের বাসিন্দা আব্দুর রশীদ জানান, চট্টগ্রামের সাতকানিয়ার ‘মির্জাখিল দরবার শরীফ’ এর অনুসারী। তারা তাদের পূর্ব পুরুষদের অনুস্বরণে প্রতি বছর সৌদি আরবের সাথে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন। গত বছরেও আমরা আগাম ঈদ উদযাপন করেছি। ‘তিনি আরও বলেন- ঈদুল ফিতর সৌদি আরবের সাথে মিল রেখে পালন করা হলেও আগামী ঈদুল আজহা তারা সারাদেশের ধর্মপ্রাণ মুসলিমদের সাথে মিল রেখেই উদযাপন করবেন।’
