সংকটের মধ্যে তেলবাহী ট্রেন লাইনচ্যুত
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১০:৫০ পিএম
ছবি: সংগৃহীত
দেশে যখন জ্বালানি তেলের তীব্র সংকটে জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই সিলেটের হবিগঞ্জে একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনার ফলে সারা দেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থা আরো বড় ধরনের ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (১ এপ্রিল) রাত সোয়া ৯টায় এ দুর্ঘটনা ঘটে। এর ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী ৯৫১ নম্বর তেলবাহী ট্রেনটি মনতলা স্টেশন পার হয়ে শাহপুর স্টেশনের কাছাকাছি পৌঁছালে বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়ে। হঠাৎ ট্রেনের বেশ কয়েকটি ওয়াগন লাইনচ্যুত হয়ে রেললাইনের ওপর উল্টে যায়। এই ঘটনায় রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত ওই রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধারকাজ শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
রেলওয়ের সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘লাইন সংস্কার ও উদ্ধার কাজ শেষ হলেই ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।’
