ঢাকার আকাশ মেঘলা, তাপমাত্রার আভাস
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৯:৪৪ এএম
ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৮ মার্চ) সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা মঙ্গলবার একই সময়ে ছিল ২২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮০ শতাংশ।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ ঢাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা কিছুটা বাড়ায় গরমের অনুভূতি আগের তুলনায় বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসেও একই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজধানী ও আশপাশের এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন : মেঘলা ঢাকার আকাশ, নেই বৃষ্টির সম্ভাবনা
এদিকে গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪ মিনিটে।
অন্যদিকে সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
