×

বরিশাল

পাঁচ শতাধিক যাত্রী নিয়ে মাঝ নদীতে মহাবিপদ, তীরে ফিরেই সিজদা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৭:৩৯ পিএম

পাঁচ শতাধিক যাত্রী নিয়ে মাঝ নদীতে মহাবিপদ, তীরে ফিরেই সিজদা

ছবি: সংগৃহীত

ঈদের মাত্র এক দিন আগে নাড়ির টানে বাড়ি ফিরতে গিয়ে ভোলার মেঘনা নদীতে এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অন্তত পাঁচ শতাধিক যাত্রী।

বুধবার (২৭ মে) সকালে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বিআইডব্লিউটিসির সি-ট্রাক ‘সাঙ্গু’। প্রায় এক ঘণ্টা মাঝ নদীতে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে অবশেষে নিরাপদে ইলিশা ঘাটে পৌঁছায় নৌযানটি। অলৌকিকভাবে জীবিত অবস্থায় তীরে ফিরেই আল্লাহর দরবারে শুকরিয়ার সিজদা দেন অনেক যাত্রী, কেউ কেউ আবার কান্নায় ভেঙে পড়েন।

স্থানীয় ও ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকায় হঠাৎ দমকা হাওয়া ও ঝোড়ো বৃষ্টি শুরু হলে মেঘনা নদী প্রচণ্ড উত্তাল হয়ে ওঠে। এর আগেই লক্ষ্মীপুরের মজুচৌধুরীর ঘাট থেকে পাঁচ শতাধিক যাত্রী নিয়ে ভোলার ইলিশা ঘাটের উদ্দেশে রওনা দিয়েছিল সি-ট্রাক ‘সাঙ্গু’।

নৌযানটি ইলিশা ঘাটের কাছাকাছি পৌঁছামাত্রই প্রবল ঝড় এবং বড় বড় ঢেউয়ের তোড়ে পন্টুনে ভিড়তে ব্যর্থ হয়। পরিস্থিতি বেগতিক দেখে সি-ট্রাকের মাস্টার মাঝনদীতে থাকা একটি 'ভার্জিং বয়া’র সঙ্গে নৌযানটি নোঙর করেন। প্রায় ৪৫ মিনিট ধরে উত্তাল ঢেউ আর প্রলয়ংকারী ঝড়ের সঙ্গে লড়াই করতে থাকে সি-ট্রাকটি। এ সময় ঢেউয়ের তোড়ে পানি উঠে ভিজে যান যাত্রীরা। বিশেষ করে শিশু ও নারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুরো নৌযানে কান্নাকাটি ও হাহাকার শুরু হয়। উৎকণ্ঠা আর মৃত্যুর ভয় নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেন তারা। একপর্যায়ে আতঙ্কিত যাত্রীরা বিভিন্ন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিদের ফোনে নিজেদের বিপদের কথা জানাতে থাকেন।

পরবর্তীতে ঝড়ের তীব্রতা কিছুটা কমে এলে সি-ট্রাকটি অত্যন্ত সতর্কতার সাথে ইলিশা ঘাটে এসে ভিড়তে সক্ষম হয়। মৃত্যুর মুখ থেকে তীরে নেমেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন যাত্রীরা। ঘাটে নেমেই আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে মাটিতে সিজদা দেন অনেকে।

ভোলা নদীবন্দরের সহকারী পরিচালক নির্মল কুমার রায় বলেন, ‘সাঙ্গু সি-ট্রাকটি ইলিশা লঞ্চঘাটের কাছাকাছি এসে ঝড়ের কবলে পড়ে। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। আমরা ঘাট থেকে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি। সি-ট্রাকের মাস্টার ঘাটের সামনে ভার্জিং বয়ার সঙ্গে নোঙর করে নিরাপদ অবস্থানে ছিলেন।’

তিনি আরো বলেন, ‘বয়ার সঙ্গে নোঙর করায় এবং ঝড়ের পরিস্থিতি দেখে যাত্রীরা আরও আতঙ্কিত হয়ে বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিদের ফোন দেন। তবে ভার্জিং বয়াটি নিরাপদ ছিল। সব যাত্রী নিরাপদে তীরে ফিরেছেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারিধারা বাইতুল আতিক মসজিদে ঈদের জামাত সকাল আটটায়

বারিধারা বাইতুল আতিক মসজিদে ঈদের জামাত সকাল আটটায়

আইসিসি র‍্যাংকিংয়ে বড় সুসংবাদ পেলেন মুশফিক-লিটনরা

আইসিসি র‍্যাংকিংয়ে বড় সুসংবাদ পেলেন মুশফিক-লিটনরা

পাঁচ শতাধিক যাত্রী নিয়ে মাঝ নদীতে মহাবিপদ, তীরে ফিরেই সিজদা

পাঁচ শতাধিক যাত্রী নিয়ে মাঝ নদীতে মহাবিপদ, তীরে ফিরেই সিজদা

দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App