ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পিএম
মৃত নুর আলম মাসুদ। ছবি : সংগৃহীত
ইউটিউব দেখে বিকল্প উপায়ে অকটেন তৈরির চেষ্টা করতে গিয়ে ফেনীর সোনাগাজীতে বিস্ফোরণে দগ্ধ হয়ে নুর আলম মাসুদ (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত নুর আলম মাসুদ সোনাগাজীর ‘সততা অয়েল মিল’-এর স্বত্বাধিকারী ছিলেন। তিনি সোনাগাজী সদর ইউনিয়নের ওমর খান পাঠান বাড়ির মৃত খুরশিদ আলমের ছেলে। বর্তমানে পৌরসভার নজরুল প্রাইমারি এলাকায় সাহাব উদ্দিনের নতুন বাড়িতে বসবাস করতেন। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।
স্বজন ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সোনাগাজী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নজরুল প্রাইমারি এলাকায় বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির সময় অতিরিক্ত তাপমাত্রার কারণে একটি পাইপ বিস্ফোরিত হয়। এতে গুরুতর দগ্ধ হন মাসুদ ও তার সহকর্মী মো. ওমর ফারুক।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে মাসুদের মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা রেজাউল করিম জানান, মাসুদ অত্যন্ত বিনয়ী ও সমাজসেবামূলক কাজে সক্রিয় ছিলেন। দুর্ঘটনার আগের রাতেও তিনি এলাকার একটি মাহফিল আয়োজনের প্রস্তুতি সভায় অংশ নিয়েছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্বেচ্ছাসেবী সংগঠক জিয়া উদ্দিন হৃদয় বলেন, মাসুদ প্রায়ই ইউটিউব দেখে নতুন কিছু উদ্ভাবনের চেষ্টা করতেন। সম্প্রতি অকটেন তৈরির একটি পদ্ধতি অনুসরণ করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন।
নিহতের ভাই মোর্শেদ জানান, নতুন পদ্ধতিতে অকটেন তৈরির সময় তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পাইপ বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান বলেন, বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যক্তির মৃত্যুর বিষয়টি জানা গেছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
