চুরি করতে গিয়ে খাটের নিচে ঘুমিয়ে পড়ল চোর
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পিএম
ছবি : সংগৃহীত
কুমিল্লার দাউদকান্দিতে চুরি করতে গিয়ে খাটের নিচে লুকিয়ে ঘুমিয়ে পড়া এক চোরকে আটক করেছে স্থানীয়রা। অদ্ভুত এ ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সোমবার (২৭ এপ্রিল) ভোররাতে উপজেলার গৌরিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পেন্নাই গ্রামের বারেক কন্ট্রাক্টরের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, রোববার রাতে ওই বাড়ির দোতলা ভবনের দ্বিতীয় তলার একটি ভাড়া বাসায় রান্নাঘরের এক্সহস্ট ফ্যান কেটে ভেতরে প্রবেশ করে চোর। বাসাটিতে এক নারী তার দুই সন্তান নিয়ে বসবাস করেন। ঘরে লোকজন জেগে থাকতে দেখে চোরটি খাটের নিচে লুকিয়ে পড়ে এবং এক পর্যায়ে সেখানেই ঘুমিয়ে যায়।
ভোরে ফজরের নামাজ পড়তে উঠে ওই নারী খাটের বাইরে একটি হাত দেখতে পান। বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে খাটের নিচে তাকিয়ে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পান তারা। অনেক চেষ্টা করে তাকে বাইরে বের করে বেঁধে রাখা হয়।
স্থানীয়রা জানান, আটক ব্যক্তির নাম মো. সোহেল। তিনি পাশের মুরাদনগর এলাকার বাসিন্দা এবং দাউদকান্দির বারোপাড়া ইউনিয়নের ইছাপুরা এলাকায় ভাড়া থাকেন। অভিযোগ রয়েছে, এর আগেও তিনি চুরির ঘটনায় ধরা পড়েছিলেন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, খাটের নিচে শুয়ে থাকা ব্যক্তিকে ডেকে তোলার চেষ্টা করছেন কয়েকজন। খাটের ওপরে মশারির ভেতরে একটি শিশুও ঘুমিয়ে ছিল।
স্থানীয় ইউপি সদস্য রকিব উদ্দিন জানান, ওই ব্যক্তি মাদকাসক্ত এবং চুরি করতে যাওয়ার আগে নেশা করেছিল বলে স্বীকার করেছে। এজন্যই সে খাটের নিচে লুকিয়ে থেকে ঘুমিয়ে পড়ে। তাকে জাগাতে মাথায় পানি ঢালতে হয়েছে বলেও জানান তিনি।
পরদিন সকালে স্থানীয়রা তাকে মারধর করে ছেড়ে দেন।
দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
