আখাউড়ায় বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক ৩
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২৬, ০৭:২০ পিএম
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানা-পুলিশের বিশেষ অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের হরিপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন হরিপুর গ্রামের আবদুল বারেকের ছেলে পারভেজ মিয়া, গুপিনাথপুর ইউনিয়নের তাজু মিয়ার ছেলে রাসেল মিয়া এবং বাদশা মিয়ার ছেলে মেহেদী হাসান।
অভিযানে আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) ওমর ফারুক ও এএসআই বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অংশ নেন। পরে তল্লাশি চালিয়ে ৬৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি মো. জাবেদ উল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
