খনিজ সম্পদমন্ত্রী
ফ্যাসিস্ট সরকার একটি দেশকে সুবিধা দিতে মাটির নিচের পাথর ধ্বংস করেছে
মোস্তাফিজুর রহমান বকুল, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২৬, ০৬:৫৪ পিএম
ফাইল ছবি
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘ফ্যাসিস্ট সরকার কোনো একটি দেশকে সুবিধা দেওয়ার জন্য নিজের মাটির নিচে থাকা পাথরকে ধ্বংস করে তাদেরকে সুবিধা দিয়েছে। আমরা জনগণের সরকার; দ্রুত সময়ের মধ্যে খনি ইয়ার্ডে মজুদ পাথর বিক্রির উদ্যোগ গ্রহণ করব।’
আজ মঙ্গলবার দুপুর ১টায় দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি পরিদর্শনে এসে এসব কথা বলেন। এর আগে সকাল ১০টায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের বোর্ড রুমে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ এমপি।
সভায় অংশগ্রহণ করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. জাহিদ হোসেন, হুইপ আখতারুজ্জামান মিয়া, স্থানীয় সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক, সংসদ সদস্য জাহাঙ্গীর আলম ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
এ ছাড়াও বিদ্যুৎ সচিব ও বড়পুকুরিয়া কয়লা খনি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফারজানা মমতাজ, জ্বালানি বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. এরফানুল হক, বিডিবির চেয়ারম্যান রেজাউল করিম, বিসিএমসিএলের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম, মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ডি.এম. জোবায়েদ হোসেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর ছিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বড়পুকুরিয়া কয়লা খনি ও তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বৃদ্ধি, মধ্যপাড়া পাথর খনির কার্যক্রম সম্প্রসারণ ও স্থানীয় উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। পরে বিকেলে তিনি বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনকালে বলেন, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বন্ধ থাকা ইউনিট চালুর উদ্যোগ গ্রহণ করা হবে।
