সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে স্কুল মাঠে পশুর হাট
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৪:৩২ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সরকারি নির্দেশনা উপেক্ষা করে বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কোরবানির পশুর হাট বসানোর অভিযোগ উঠেছে। শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ ও শিক্ষার পরিবেশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা থাকলেও স্থানীয় প্রশাসন ‘বিশেষ বিবেচনায়’ এসব হাটের অনুমতি দিয়েছে বলে জানা গেছে।
সরেজমিনে শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে দেখা যায়, বিদ্যালয় মাঠজুড়ে বসেছে বিশাল গরুর বাজার। ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে মাঠটি পূর্ণাঙ্গ পশুর হাটে পরিণত হয়েছে। পশুর মলমূত্র ও অতিরিক্ত মানুষের পদচারণায় নষ্ট হচ্ছে মাঠের ঘাস ও পরিবেশ।
এর আগে শুক্রবার মাইজভাণ্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং বৃহস্পতিবার হেঁয়াকো সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠেও একইভাবে পশুর হাট বসানো হয়। প্রতিটি ক্ষেত্রেই বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও কীভাবে স্কুল মাঠে হাট বসানোর অনুমতি দেওয়া হয়, তা বোধগম্য নয়। হাট শেষে মাঠ খেলাধুলা বা সমাবেশের অনুপযোগী হয়ে পড়ে। গরুর গোবর ও আবর্জনার দুর্গন্ধে দীর্ঘ সময় শিক্ষার পরিবেশ নষ্ট থাকে।
এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহিম বলেন, “সরকারিভাবে স্কুল মাঠে পশুর হাট না বসানোর সিদ্ধান্ত থাকলেও ফটিকছড়ির কয়েকটি ইজারাভুক্ত বাজারে পর্যাপ্ত জায়গা নেই। তাই বিশেষ বিবেচনায় ও অনুমতি সাপেক্ষে স্কুল মাঠ ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে।” তিনি আরও জানান, ইজারাদারদের স্কুল উন্নয়ন তহবিলে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করার শর্ত দেওয়া হয়েছে।
