বিএনপি-জামায়াত উত্তেজনায় ফিরেই গেলেন সেতুমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৮:২৪ পিএম
ছবি : সংগৃহীত
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম পটুয়াখালীর দুমকি চরগরবদী-বাউফলের বগা এলাকায় প্রস্তাবিত ৯ম চীন মৈত্রী সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে এসে বিপাকে পড়েছেন। বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের পাল্টাপাল্টি স্লোগান ও উত্তেজনার মধ্যে বাউফল প্রান্তের মঞ্চে উঠতে পারেননি তিনি।
মঙ্গলবার (১৯ মে) দুপুর ১টার দিকে বাউফল উপজেলার বগা ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বগা এলাকায় সেতুর সম্ভাব্যতা পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সেখানে নদীর পূর্বপাড়ে জামায়াতের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের সৌজন্যে আয়োজিত সভার ব্যানারে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি না থাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন এবং মন্ত্রীকে সভাস্থলে যেতে বাধা দেন। এর ফলে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তারা পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন। মন্ত্রী ও তার সফরসঙ্গীরা সেখানে প্রায় পৌনে এক ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় ছিলেন।
পরিস্থিতির কারণে মন্ত্রী পূর্ব পাড়ের মঞ্চে না গিয়ে ফেরিতে করে পশ্চিমপাড়ে (দুমকি অংশ) যান এবং সেখানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত পথসভায় অংশ নেন।
সেতুমন্ত্রী জানান, বাউফল দাশপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আবিরা বিনতে মাহমুদ ফেরিঘাটে ভোগান্তির শিকার হয়ে সেতু নির্মাণের আকুতি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি খোলা চিঠি লিখেছিলেন। সেই চিঠির প্রেক্ষিতেই প্রধানমন্ত্রী তাকে পাঠিয়েছেন এবং শিশু আবিরার জন্য উপহারও পাঠিয়েছেন।
এ সময় মন্ত্রী আশ্বস্ত করেন, চলতি বছরের (২০২৬) শেষে অথবা আগামী বছরের (২০২৭) শুরুতে এই স্বপ্নের বগা সেতুর নির্মাণ কাজ শুরু হবে।
সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে এখানে পাঠিয়েছেন সরেজমিন দেখতে। শিক্ষার্থী আবিরা বিনতে মাহমুদ বগা সেতু নির্মাণের আকুতি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি লিখেছেন। চিঠিটি প্রধানমন্ত্রীর নজরে এসেছে, তাই প্রধানমন্ত্রী তাকে এখানে পাঠিয়েছেন সেতুর বিষয় জানতে এবং শিশু আবিরার জন্য কিছু উপহার পাঠিয়েছেন।
পথসভায় উপস্থিত ছিলেন, পটুয়াখালী-১ আসনের এমপি আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-২ আসনের এমপি শফিকুল ইসলাম মাসুদ, জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার, জেলা পুলিশ সুপার, জেলা বিএনপি, দুমকি উপজেলা ও বাউফল উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
পথসভা শেষে মন্ত্রী গাড়িবহর নিয়ে পটুয়াখালীর উদ্দেশে রওনা দেন।
পটুয়াখালীর দুমকি ও বাউফলের বগা লোহালিয়া নদীতে বাংলাদেশ-চীন নবম মৈত্রী সেতু বিগত সরকারের আমলে নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি।
দলীয় সূত্রগুলো জানায়, পটুয়াখালীর বাউফল দাশপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আবিরা বিনতে মাহমুদ কিছুদিন আগে একজন অসুস্থ রোগীর সাথে যাওয়ার সময় ফেরিঘাটে দীর্ঘ সময় অপেক্ষায় থাকেন। এ অভিজ্ঞতা থেকেই ব্যথিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর একটি খোলা চিঠি লিখে বগা সেতু নির্মাণের আকুতি জানিয়েছেন।
তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। জেলা বিএনপির উচ্চ পর্য ায়ের নেতারাও গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
