রাজধানীতে ঢাকা কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০২:০৪ পিএম
ছবি: ফাইল ফটো
রাজধানীর বনশ্রী এলাকার একটি বাসা থেকে তৌশিফ শাহরিয়ার (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তৌশিফ ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগের ইন্টার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শনিবার (৬ জুন) সকালে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তৌশিফের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার কুনতাই গ্রামে, তিনি আব্দুল জলিলের ছেলে। রামপুরার বনশ্রী এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।
শিক্ষার্থীর মা শামীমা আক্তার বলেন, ‘তৌশিফ আমার একমাত্র ছেলে। সকালে আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। কিন্তু তৌশিফের কোনো সাড়াশব্দ না পেয়ে তার রুমে গিয়ে দেখি গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে দ্রুত তাকে ঢাকা মেডিক্যালে নিলেও আর বাঁচানো সম্ভব হয়নি।’
তিনি আরো বলেন, ‘কেন বা কী কারণে আমার ছেলে এ ঘটনাটি ঘটিয়েছে তা আমরা কিছুই জানি না।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট রামপুরা থানায় জানানো হয়েছে।
