নেইমারের চোট নিয়ে চিন্তিত কোচ আনচেলত্তি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০১:৩০ পিএম
ছবি: সংগৃহীত
ফিফা বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েক দিন বাকি। এমন সময় ব্রাজিল শিবিরে উদ্বেগ বাড়াচ্ছেন তারকা ফরোয়ার্ড নেইমার। ডান পায়ের কাফের ইনজুরি নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তিনি।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি শুক্রবার সংবাদ সম্মেলনে জানান, নেইমারের চোটের প্রকৃত অবস্থা বোঝার জন্য আগামী সোমবার এমআরআই স্ক্যান করা হবে। তিনি বলেন, ‘নেইমারের পরিস্থিতি পরিষ্কার। সে নিজে আলাদাভাবে খুব ভালো কাজ করছে। সপ্তাহান্তের পর তার এমআরআই করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে দলের সঙ্গে অনুশীলন শুরু করতে পারবে।’
৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড বর্তমানে দ্বিতীয়-গ্রেডের পেশির চোটে ভুগছেন। এ কারণে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারছেন না। শনিবার মিশরের বিপক্ষে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচেও তিনি দলের সঙ্গে ক্লিভল্যান্ডে যাননি। বরং নিউ জার্সিতে দলের ক্যাম্পে থেকে চিকিৎসা নিচ্ছেন।
গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় চোট পান নেইমার। এর একদিন পরই বিশ্বকাপের জন্য ব্রাজিল দল ঘোষণা করেন আনচেলত্তি। প্রথমে সান্তোস জানায়, তার কাফে ফোলাভাব রয়েছে। তবে ২৮ মে ব্রাজিল দলের মেডিকেল পরীক্ষায় পেশির সমস্যাও ধরা পড়ে, যা সারতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে।
ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জাতীয় দলের হয়ে ৭৯ গোল করেছেন এবং তিনটি বিশ্বকাপে খেলেছেন। তবে ২০২৩ সালের অক্টোবরে এসিএল ইনজুরিতে আক্রান্ত হওয়ার পর থেকে জাতীয় দলের জার্সিতে আর মাঠে নামেননি। এরপর থেকে একের পর এক চোট তার ক্যারিয়ারকে বাধাগ্রস্ত করছে।
ব্রাজিল আগামী ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপ পর্বে তাদের অপর প্রতিপক্ষ হলো হাইতি ও স্কটল্যান্ড।
