মে মাসে পোশাক রপ্তানি কমেছে ৭ শতাংশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১১:৩৮ পিএম
ছবি : সংগৃহীত
দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকের চালান কমে যাওয়ায় মে মাসে দেশের সামগ্রিক রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে কমেছে। গত বছরের একই মাসের তুলনায় এ সময়ে রপ্তানি ৭ শতাংশ হ্রাস পেয়ে ৪ দশমিক ৪০ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
বুধবার (৩ জুন) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, মে মাসে তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ২৯ শতাংশ কমে ৩ দশমিক ৫৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। দেশের মোট রপ্তানি আয়ের বড় অংশ এ খাত থেকে আসায় এর প্রভাব সামগ্রিক রপ্তানিতেও পড়েছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে দেশের মোট রপ্তানি আয় ২ দশমিক ৫৫ শতাংশ কমে ৪৩ দশমিক ৭৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
একই সময়ে তৈরি পোশাক রপ্তানি ৩৬ দশমিক ৫৬ বিলিয়ন ডলার থেকে ৩ দশমিক ৪১ শতাংশ কমে ৩৫ দশমিক ৩১ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
উল্লেখ্য, টানা আট মাস রপ্তানি আয় কমার পর গত এপ্রিলে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলেছিল। তবে মে মাসে আবারও রপ্তানি কমে যাওয়ায় সেই ইতিবাচক ধারা ধরে রাখা সম্ভব হয়নি।
পোশাকের বাইরে ওষুধ, প্লাস্টিক পণ্য, পাট ও পাটজাত পণ্য, মুদ্রিত সামগ্রী, হোম টেক্সটাইল ও প্রকৌশল পণ্য খাতে বছরওয়ারি এবং চলতি অর্থবছরের জুলাই-মে সময়ে প্রবৃদ্ধি হয়েছে।
এছাড়া চামড়া ও চামড়াজাত পণ্য, ফলমূল এবং কাঁকড়া রফতানিতেও ইতিবাচক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা দেশের রফতানি বহুমুখীকরণে সহায়ক ভূমিকা রাখছে।
চলতি অর্থবছরের জুলাই-মে সময়ে যুক্তরাষ্ট্র, স্পেন, নেদারল্যান্ডস, পোল্যান্ড, কানাডা, চীন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে বাংলাদেশের রফতানি বেড়েছে। ইপিবির মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা সত্ত্বেও নতুন বাজার ও অপ্রচলিত খাতগুলোর ইতিবাচক পারফরম্যান্স দেশের রফতানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।
