চট্টগ্রামে ফিরল হজযাত্রীদের প্রথম ফ্লাইট
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১১:২৪ পিএম
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট অবতরণ করেছে। বুধবার (৩ জুন) জেদ্দা থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট মোট ৩৭৮ জন হজযাত্রী নিয়ে বিমানবন্দরে পৌঁছায়।
ফ্লাইটটি অবতরণের পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর হজযাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তারা, বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জেলা ব্যবস্থাপক, স্টেশন ম্যানেজার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হজ শেষে দেশে ফেরা যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বিমানবন্দরে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, চলতি বছর চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি হজ ফ্লাইটে ৪ হাজার ৭৪৮ জন এবং অন্যান্য ফ্লাইটে আরও ৮২৬ জনসহ মোট ৫ হাজার ৫৭৪ জন হাজি পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব গমন করেন।
হজযাত্রীদের ফিরতি ফ্লাইট আগামি কয়েকদিন ধারাবাহিকভাবে পরিচালিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
