দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় জামায়াতের দুঃখ প্রকাশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১১:১৪ পিএম
ছবি : সংগৃহীত
ভারতের নয়া দিল্লিতে একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশি ও বিদেশি নাগরিকসহ ২১ জন নিহত ও ৪৭ জন আহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ঘটনায় আহতদের সুস্থতাও কামনা করেছে দলটি।
বুধবার (৩ জুন) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ সমবেদনা জানান।
বিবৃতিতে তিনি বলেন, ৩ জুন সকাল ৮টা ৪৮ মিনিটে ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগরের ‘ফ্লুরিশ স্টে বিঅ্যান্ডবি’ নামের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশি ও বিদেশি নাগরিকসহ ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৭ জন, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।’ আমি এ অগ্নিকাণ্ডে অনেক মানুষের হতাহতের ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করছি, নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
গোলাম পরওয়ার বলেন, গণমাধ্যমের খবর অনুযায়ী নিহতদের মধ্যে ১৭ জনই বিদেশি নাগরিক, যার মধ্যে বাংলাদেশিও রয়েছেন। আর আহতদের মধ্যে আছেন পাঁচ বাংলাদেশি। আমি নিহত বাংলাদেশিদের মৃতদেহগুলো দ্রুততম সময়ের মধ্যে দেশে পাঠানো এবং ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে ভারতীয় কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।
তিনি আরো বলেন, ভারতে হতাহত বাংলাদেশি নাগরিকদের পরিবারের পাশে সার্বিক সহযোগিতা নিয়ে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে মৃতদেহগুলো দেশে আনা ও আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেয়ার দাবি জানাচ্ছি।
