×

শিক্ষা

ববি হাজ্জাজের বক্তব্যের প্রতিবাদে সাদা দলের বিবৃতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৫:২৭ পিএম

ববি হাজ্জাজের বক্তব্যের প্রতিবাদে সাদা দলের বিবৃতি

ছবি : সংগৃহীত

সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) ‘কোচিং সেন্টার’ আখ্যা দিয়ে যে মন্তব্য করেছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’।

ওই সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছিলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি বলি একটি কোচিং সেন্টার। নর্থ সাউথ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় যে গবেষণা করে তার কানাকড়িও ঢাকা বিশ্ববিদ্যালয় করে না।’

শুক্রবার (২৯ মে) ‘সাদা দল’-এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, গবেষণা ও প্রকাশনায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষস্থানে রয়েছে। টাইমস হায়ার এডুকেশন (THE) এশিয়া র‌্যাংকিং অনুযায়ী, এটি বর্তমানে দেশের অন্যতম শীর্ষস্থানীয় গবেষণা শিক্ষা প্রতিষ্ঠান। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে প্রায় ৫৬টি সক্রিয় ও বিশেষায়িত গবেষণা ব্যুরো ও কেন্দ্র রয়েছে। এর মধ্যে উন্নতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র (CARS) এবং সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র (CSSR) অন্যতম।

এতে আরও বলা হয়, এমনকি প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্কোপাস (Scopus) এবং ওয়েব অব সায়েন্স (Web of Science) ইনডেক্সড জার্নালে অসংখ্য গবেষণাপত্র প্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে প্রতিমন্ত্রী অসত্য তথ্যের ভিত্তিতে দুটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তুলনা করেছেন, তা অত্যন্ত নিন্দনীয়।

সাদা দলের ভাষ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়, এই বিশ্ববিদ্যালয় স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব, জন্ম ও বিকাশের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৬২-এর শিক্ষা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামের মূল নেতৃত্ব এসেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।

বিবৃতিতে বলা হয়, শুধু তাই নয়, স্বাধীন বাংলাদেশে বিভিন্ন সময়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন, ৯০-এর এরশাদবিরোধী আন্দোলন, ১/১১-এর অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে প্রতিরোধ এবং ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ঐতিহাসিক নেতৃত্বও দিয়েছে এই বিশ্ববিদ্যালয়।

এতে আরও বলা হয়, বাঙালির কৃষ্টি, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার ধারক ‘পহেলা বৈশাখ’ উদযাপনের যে ঐতিহ্য, তারও অগ্রভাগে থেকে নেতৃত্ব দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। রাষ্ট্রীয় উদাসীনতা ও সীমিত বাজেটের মধ্যেও এ দেশের শিক্ষা ও গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয় যে অনন্য ও গৌরবোজ্জ্বল অবদান রেখে চলেছে, তা বিশ্বজুড়ে সমাদৃত। সংক্ষেপে বলতে গেলে ‘বাংলাদেশ মানেই ঢাকা বিশ্ববিদ্যালয়’।

বিবৃতিতে উল্লেখ করা হয়, এমন একটি ঐতিহ্যবাহী ও জাতীয় আবেগ জড়ানো প্রতিষ্ঠান সম্পর্কে একজন দায়িত্বশীল প্রতিমন্ত্রীর মুখে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় হলো কোচিং সেন্টার’- এ ধরনের বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। তার এই মন্তব্য কোনো সুস্থ বা ইতিহাস সচেতন মানুষের হতে পারে না; বরং এটি একজন চরম অবিবেচক ব্যক্তির অজ্ঞতাপ্রসূত প্রলাপ বলেই প্রতীয়মান হয়েছে।

সাদা দল আরও বলেছে, সরকারের একজন প্রতিমন্ত্রী হিসেবে এমন মন্তব্য অত্যন্ত লজ্জাজনক এবং তা সমগ্র বিশ্ববিদ্যালয় পরিবার ও দেশবাসীকে গভীরভাবে মর্মাহত করেছে।

বিবৃতিতে দাবি করা হয়, এই অবিবেচনাপ্রসূত মন্তব্যের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, সাবেক শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বোপরি এই বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস ও অবদানকে চরমভাবে অপমান করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল অবিলম্বে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের এই অবমাননাকর মন্তব্য অতিদ্রুত প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছে। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষার্থে শিক্ষক-শিক্ষার্থী সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মসজিদের টাকায় ছুরি কেনা নিয়ে সংঘর্ষে আহত ৬

ব্রাহ্মণবাড়িয়া মসজিদের টাকায় ছুরি কেনা নিয়ে সংঘর্ষে আহত ৬

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, দেশে ভরি কত?

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, দেশে ভরি কত?

থানচি ছাত্র ফেডারেশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন

থানচি ছাত্র ফেডারেশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন

‘জাতির চরম ক্রান্তিকালে শহীদ জিয়া দেশ ও জনগণের পক্ষে অবস্থান নিয়েছিলেন’

‘জাতির চরম ক্রান্তিকালে শহীদ জিয়া দেশ ও জনগণের পক্ষে অবস্থান নিয়েছিলেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App