শুভেন্দুর শপথের দিন পাল্টা কর্মসূচি মমতার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১০:৩২ এএম
ছবি : সংগৃহীত
শনিবার (৯ মে) পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে ব্রিগেডে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। প্রায় একই সময়ে কলকাতার কালীঘাটের বাড়ির চত্বরে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির চত্বরেই আয়োজন করা হয়েছে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান। দলের শীর্ষ নেতৃত্বের সদস্যদের এ কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য ডাকা হয়েছে। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর এটিই তৃণমূল নেত্রীর প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি। খবর আনন্দবাজার পত্রিকার।
শনিবারের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সাবেক সদস্য ইন্দ্রনীল সেন এবং রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয়। যদিও বড় কোনও আয়োজন রাখা হয়নি, তবু সময়ের প্রেক্ষাপটে এই কর্মসূচিকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তিনটি স্থানে অরাজনৈতিক সংগঠন রবীন্দ্রজয়ন্তী পালনের জন্য পুলিশের কাছে অনুমতি চাইলেও তা দেওয়া হয়নি।
আরো পড়ুন : শুভেন্দুই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
এদিকে তৃণমূলের কেন্দ্রীয় কমিটির তরফে দলের সব স্তরে বার্তা পাঠানো হয়েছে—যেখানে সম্ভব, সেখানে রবীন্দ্রজয়ন্তী পালন করতে হবে। তবে ক্ষমতায় থাকার সময়ে রাখি পূর্ণিমা ও রবীন্দ্রজয়ন্তী যেভাবে জাঁকজমকের সঙ্গে পালন করত দলটি, এবার সেই পরিস্থিতি নেই বলেই মনে করছেন দলের শীর্ষ নেতারাও। সে কারণেই কর্মসূচি সীমিত পরিসরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে দলের অগ্রাধিকার দেওয়া হচ্ছে ‘আক্রান্ত’ কর্মীদের পাশে দাঁড়ানোর বিষয়টিকে।
রবীন্দ্রজয়ন্তীর এই কর্মসূচি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনও রাজনৈতিক বার্তা বা ভবিষ্যৎ কর্মসূচির ইঙ্গিত দেন কি না, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। এর দু’দিন আগেই কালীঘাটের বাড়িতে জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক করেছিলেন তিনি। পরে জেলা নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়, ‘বিজেপির হামলার প্রতিবাদে’ এলাকায় এলাকায় মিছিল সংগঠিত করতে হবে। যদিও তৃণমূলের জেলা পর্যায়ের অনেক নেতাই জানিয়েছেন, রাজ্যের সর্বত্র সেই কর্মসূচি বাস্তবায়নের পরিস্থিতি এখন নেই।
