ইউরেনিয়াম নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় অচলাবস্থা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৮:২৪ পিএম
ছবি- সংগৃহীত
তেহরানের হাতে থাকা ইউরেনিয়ামের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শুক্রবার ভারতের নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে বর্তমানে ভারত সফরে রয়েছেন তিনি।
ইউরেনিয়ামের মজুত নিয়ে আলোচনা স্থগিত থাকার বিষয়ে আরাকচি বলেন,‘বিষয়টি এই মুহূর্তে আলোচনার টেবিলে নেই। তবে আলোচনার পরবর্তী ধাপে আমরা এ বিষয়ে ফিরে আসব।’ ওয়াশিংটনের ওপর আস্থা রাখা যায় না মন্তব্য করে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে ‘সিরিয়াস’ মনে হলেই কেবল ইরান পুনরায় আলোচনায় বসবে।
ধারণা করা হয়, বর্তমানে ইরানের কাছে ৬০ শতাংশ সমৃদ্ধ প্রায় ৪৪০ কেজি ইউরেনিয়াম রয়েছে। উল্লেখ্য, পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ৯০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয়।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান অভিমুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। হামলায় এ পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের তালিকায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও রয়েছেন। পাল্টা হামলায় ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের এক ডজন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনাকে নিশানা বানিয়েছে তেহরান। এর মধ্যে জর্ডান, ইরাক, সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত উল্লেখযোগ্য।
দীর্ঘ যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের বিমান পরিবহন ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় অস্থিরতা ছড়িয়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। যুদ্ধের ৪০ দিনের মাথায় গত ৮ এপ্রিল দুই দেশ দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়। সেই মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দেন।
তবে যুদ্ধবিরতি চললেও হরমুজ প্রণালি ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি অবরোধ ও অভিযোগ অব্যাহত রয়েছে। মাঝে পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর চুক্তিতে পৌঁছাতে পারেনি পক্ষগুলো।
