জামায়াত জোট
বিএনপি ‘রাজনৈতিক সংকট’ তৈরি করছে
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৯:০১ এএম
ছবি: সংগৃহীত
বিরোধী দল জামায়াতে ইসলামীর ১১ দলীয় জোট অভিযোগ করে বলেছে, বিএনপি ‘রাজনৈতিক সংকট’ তৈরি করছে।
জোটের অন্যতম নেতা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের অভিযোগ বিএনপি গণভোটের রায় মেনে না নিয়ে জনগণকে দেওযা ‘প্রতিশ্রুতিই ভঙ্গ করছে না, প্রতারণাও করছে’।
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার বিকেলে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি উদ্বোধনকালে গোলাম পরওয়ার এ অভিযোগ করেন।
এদিন জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে তিনি শেরপুর ও বগুড়ার নির্বাচনে ‘গুরুতর অনিয়মের’ অভিযোগও তোলেন।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ প্রণয়ন ও গ্রহণ করে।
গেল ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের সঙ্গে একই দিন জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোট হয়।
জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুসারে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান নিয়ে মুলতবি প্রস্তাবে প্রতিকার না পাওয়ার অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াক আউট করে জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী জোটের সদস্যরা।
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গেল ১০ এপ্রিল ঢাকায় বিক্ষোভ কর্মসূচির পর এবার সারাদেশে গণসংযোগ নামলো জামায়াত জোট।
পাশাপাশি জ্বালানি সংকট নিরসনের দাবিতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৫ এপ্রিল পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতের সাবেক এমপি গোলাম পরওয়ার বলেন, “গণভোটে দেশের ৭০ শতাংশ জনগণের রায় মেনে না নিয়ে বিএনপি মানুষের সঙ্গে শুধু প্রতিশ্রুতি ভঙ্গ করছে না, প্রতারণাও করছে।
“বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বর্তমান সরকারের মন্ত্রীরাও গণভোটে ‘হ্যাঁ’ ভোট চেয়েছেন। কিন্তু গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ার পর বিএনপি গণভোট মানছে না।”
তিনি বলেন, “বিএনপি চেয়ারম্যান, আজকের প্রধানমন্ত্রী যদি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে থাকেন, তবে তিনি কেন গণভোটের রায় বাস্তবায়ন করছেন না?”
৮৪টি সংস্কার প্রস্তাবের মধ্যে বিএনপি যেসব প্রস্তাবে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে, গণভোট জয়যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সেই ‘নোট অব ডিসেন্ট’ বাতিল হয়ে গেছে বলেও দাবি করেন জামায়াতের এই নেতা।
এ জন্যই বিএনপির ‘মাথা খারাপ’ হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, “তারা (বিএনপি) ছলে-বলে কৌশলে ফ্যাসিবাদের পথে ফিরে যেতে চায়।”
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দীন, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আবদুল মাজেদ আতহারী, এবি পার্টির যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন রানা, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান।
পরে গোলাম পরওয়ারের নেতৃত্বে উপস্থিত নেতারা রাজধানীর শাহবাগে দাবির পক্ষে প্রচারপত্র বিলি করেন।
