×

খুলনা

বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি

Icon

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পিএম

বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি

ছবি : সংগৃহীত

বেনাপোল স্থলবন্দরে পাসপোর্টযাত্রীদের হয়রানি, প্রতারণা ও ছিনতাই প্রতিরোধ এবং সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বন্দর পরিচালক (ট্রাফিক) ও উপসচিব শামীম হোসেন। তিনি যাত্রী হয়রানি ও ছিনতাইয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বন্দর এলাকায় এসব অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না। “এতদিন স্থানীয় বাস্তবতায় কিছুটা ছাড় দেওয়া হয়েছিল। সন্ত্রাসীদের হাত যত লম্বাই হোক, এখন থেকে তাদের আর যাত্রী হয়রানি বা ছিনতাইয়ের সুযোগ দেওয়া হবে না।” এ বিষয়ে প্রশাসন ও সংশ্লিষ্টদের সমন্বয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বন্দরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দায়িত্বশীলতার অভাবের কারণে বন্দরটি প্রত্যাশিত মানে পৌঁছাতে পারেনি। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে বেনাপোলকে একটি আধুনিক বন্দরে রূপান্তর করা সম্ভব।

সভায় আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের অভ্যন্তরে যাত্রীসেবা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এতে সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন, ট্রান্সপোর্ট মালিক সমিতি, সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশন, ব্যবসায়ী প্রতিনিধি, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনায় উঠে আসে, দীর্ঘদিন ধরে যাত্রীরা টার্মিনালের বাইরে অস্বাস্থ্যকর পরিবেশে লাইনে দাঁড়িয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। টার্মিনাল নির্মাণ ও সেবার জন্য যাত্রীপ্রতি ৬০ টাকা নেওয়া হলেও প্রত্যাশিত সেবা মিলছে না বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ করা হয়, দূরদূরান্ত থেকে আসা যাত্রীরা ঝড়-বৃষ্টি ও তীব্র রোদ উপেক্ষা করে টার্মিনালের বাইরে দীর্ঘ সময় অপেক্ষা করেন। যদিও যাত্রীসেবার নামে আদায়কৃত অর্থের বিপরীতে টার্মিনাল ভবনের একটি অংশ কাস্টমস স্ক্যানিং এবং অন্য অংশ প্রশাসনিক কাজে ব্যবহৃত হচ্ছে। ফলে যাত্রীদের বাইরে অবস্থান করতে হয়। তবে সম্প্রতি ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার কিছু অংশে বসার ব্যবস্থা করায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

এদিকে, বেনাপোল বাজার থেকে চেকপোস্ট পর্যন্ত বিভিন্ন স্থানে কিছু অসাধু ব্যক্তি যাত্রীদের সেবার নামে অনুসরণ করে প্রতারণার ফাঁদে ফেলছে। টার্মিনালে পর্যাপ্ত আশ্রয় না থাকায় অনেক যাত্রী বাধ্য হয়ে এসব চক্রের আশ্রয় নেন এবং পরবর্তীতে অর্থ হাতিয়ে নেওয়ার শিকার হন। চিকিৎসার উদ্দেশ্যে আসা যাত্রীদের ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে, এমনকি এসব ঘটনায় মৃত্যুর মতো ঘটনাও ঘটেছে বলে আলোচনায় উল্লেখ করা হয়।

পুলিশ জানায়, অনেক ভুক্তভোগী মামলা করতে অনীহা দেখান। আবার গ্রেপ্তার হলেও অভিযুক্তরা দ্রুত জামিনে মুক্ত হয়ে একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

দীর্ঘদিনের এ সমস্যাকে কেন্দ্র করে স্থানীয় সচেতন মহলের ক্ষোভ সভায় প্রতিফলিত হয়েছে। তবে বন্দর পরিচালকের এ উদ্যোগ কতটা বাস্তবায়ন হবে এবং কতদিন স্থায়ী হবে -তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন হাজার হাজার দেশি-বিদেশি পাসপোর্টযাত্রী ভারত-বাংলাদেশ যাতায়াত করেন, ফলে এখানে যাত্রীসেবা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত দেন অংশগ্রহণকারীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পানি বাড়ায় হারভেস্টার বন্ধ, তেল ও শ্রমিক সংকটে বিপাকে কৃষক

পানি বাড়ায় হারভেস্টার বন্ধ, তেল ও শ্রমিক সংকটে বিপাকে কৃষক

উপদেষ্টা থাকতে কোথায় দুর্নীতি করেছি, প্রমাণ দিন

সংসদে নাহিদ উপদেষ্টা থাকতে কোথায় দুর্নীতি করেছি, প্রমাণ দিন

সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

‘উনি গুরুতর অপরাধ করেছেন’

‘উনি গুরুতর অপরাধ করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App