ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৯:০৭ পিএম
ছবি : সংগৃহীত
বাগেরহাটে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় অনুষ্ঠিত এই প্রধান জামাতে সাধারণ মুসল্লিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজনৈতিক নেতা এমএ সালামসহ জেলার সিনিয়র নেতৃবৃন্দ।
এমএ সালামের পাশাপাশি বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেনসহ রাজনৈতিক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং দুই সহস্রাধিক সাধারণ মুসল্লি অংশ নেন এই জামাতে।
ঈদ জামাতের ইমামতি করেন হযরত খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. খালিদ।
নামাজ শেষে বিএনপি নেতা এমএ সালাম উপস্থিত মুসল্লি ও গণমাধ্যমকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় এক তাৎক্ষণিক বক্তব্যে তিনি বাগেরহাটের চিরন্তন সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ টেনে বলেন, ‘বিশেষ করে বাগেরহাটে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান—কোনো ভেদাভেদ নাই। আমরা সবাইকে নিয়ে একসাথে সহাবস্থান করি। আমাদের এই বাংলাদেশে কোনো ধরনের অন্যায়, অত্যাচার বা হিন্দুদের ওপরে কোনো জুলুম আমরা করি নাই।’
পার্শ্ববর্তী দেশ ভারতের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির তীব্র সমালোচনা করে এমএ সালাম বলেন, ‘ইন্ডিয়াতে এই কিছুদিন আগে একটি নির্বাচনের পরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আজেবাজে কথা বলা হচ্ছে এবং মুসলমান ভাইদের ওপরে অত্যাচার-জুলুম হচ্ছে সেখানে। এটির আমরা তীব্র নিন্দা জানাই। ইন্ডিয়াতে যা হচ্ছে, এটা আসলে আমরা সহজভাবে নিতে পারছি না।’
তিনি
অনতিবিলম্বে এই নির্যাতন বন্ধের দাবি জানান।
বিশ্ব ঐতিহ্যের অংশ এই ষাটগম্বুজ মসজিদে রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের নির্বিঘ্ন নামাজ আদায় নিশ্চিত করতে পুলিশ, টুরিস্ট পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
