বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বিএনপি নেতার
মো. শামীম হাসান সুজন, শরণখোলা প্রতিনিধি
প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৯:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ১ নং ধানসাগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সুমন সরদার (৪০) নিহত হয়।
শুক্রবার (২৯ মে) আনুমানিক বেলা ১টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন সরদার শরণখোলার ১ নম্বর ধানসাগর ইউনিয়নের পূর্ব আমড়াগাছিয়া ওয়ার্ডের মৃত আবুল কালাম মাস্টারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ২ নম্বর খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া ওয়ার্ডে তার শ্বশুর আবুল খায়ের তালুকদারের বাড়িতে সপরিবারে বসবাস করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নিহতের মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী রাফিয়া আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলে, “দুপুরে বাড়িতে কেউ ছিল না। আমি বাইরে থেকে এসে দেখি ঘরের দরজা খোলা। তখন আব্বু-আব্বু বলে ডাকতে থাকি। কোনো সাড়াশব্দ না পেয়ে বাইরে গিয়ে দেখি, বাবা বিদ্যুতের তারে পেঁচানো অবস্থায় মাটিতে পড়ে আছেন। আমার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন।” পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় দ্রুত শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে সুমন সরদারের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো শরণখোলা উপজেলায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে তাঁর বাড়িতে ছুটে যান শরণখোলা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শোক প্রকাশ করে শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত ও সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন বলেন, “সুমন সরদার বিএনপির দুঃসময়ে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি দলের একজন নির্ভীক সৈনিক ছিলেন। তার এই অকাল মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হলো।”
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল শনিবার (৩০ মে) বেলা ১১টায় আমড়াগাছিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
