মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৭
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৯:৫১ পিএম
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কাবাড়িপাড়া এলাকায় মসজিদ কমিটি ও ঈদের মাঠকে কেন্দ্র করে উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।
শুক্রবার (২৯ মে) জুমার নামাজের আগে কাবাড়িপাড়া শাহী জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদ কমিটি ও ঈদের মাঠের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলছিল। এ নিয়ে শুক্রবার উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বাধে।
সংঘর্ষে উত্তরপাড়ার বসির উদ্দিনের ছেলে শাহিদুল ইসলাম এবং দক্ষিণপাড়ার নসের শেখের ছেলে রবিউল শেখের মাথা ফেটে যায়। এ ছাড়া আরও কয়েকজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
