ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১২:২৬ পিএম
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় অন্তত ৬ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এজেন্স ফ্রান্স-প্রেস (এএফপি)।
বুধবার (১৮ মার্চ) ভোরে রাজধানীর বাসতা ও জুকাক আল-ব্লাত এলাকায় এ হামলা চালানো হয়। আবাসিক এসব এলাকায় বহু বাস্তুচ্যুত পরিবার আশ্রয় নিয়েছিল। হিজবুল্লাহর সঙ্গে চলমান তীব্র সংঘাতের প্রেক্ষাপটে এই হামলা হয়েছে বলে জানা গেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতদের সংখ্যা প্রাথমিক এবং নিহতদের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জুকাক আল-ব্লাত এলাকায় একটি আবাসিক ভবনে হামলা চালানো হয়, যা বিভিন্ন সরকারি কার্যালয় ও একাধিক দূতাবাসের নিকটবর্তী। এছাড়া বৈরুতের কেন্দ্রীয় বাসতা এলাকাতেও আরেকটি হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা সেখানে একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছে এএফপি।
আরো পড়ুন: ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান লারিজানি নিহত
উল্লেখ, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বিরোধ দীর্ঘদিনের। ১৯৮০-এর দশকে লেবাননে হিজবুল্লাহ গঠিত হওয়ার পর থেকেই ইসরায়েলের সঙ্গে তাদের সংঘাত শুরু হয়।
২০০৬ সালে ইসরায়েল-হিজবুল্লাহর মধ্যে বড় ধরনের যুদ্ধ হয়েছিল, যা ২০০৬ লেবানন যুদ্ধ নামে পরিচিত। সেই যুদ্ধে লেবাননের অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং হাজারো মানুষ প্রাণ হারায়।
এরপর থেকে দুই পক্ষের মধ্যে প্রায়ই সীমান্তে ছোট-বড় সংঘর্ষ ঘটে। বিশেষ করে গাজা ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা বাড়ার পর এই সংঘাত আরও তীব্র হয়েছে। ইসরায়েল দাবি করে, হিজবুল্লাহ তাদের জন্য নিরাপত্তা হুমকি; অন্যদিকে হিজবুল্লাহ নিজেদেরকে লেবাননের প্রতিরক্ষার অংশ হিসেবে তুলে ধরে।
বর্তমান হামলাগুলো সেই দীর্ঘদিনের সংঘাতেরই ধারাবাহিকতা, যা সময়ের সঙ্গে আরো জটিল ও বিস্তৃতি আকার ধারণ করছে।
