পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩০ পিএম
ছবি: হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান
এক বছর ধরে বিচারকাজের বাইরে থাকা হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে কানাডা থেকে ই-মেইলের মাধ্যমে পদত্যাগ করেছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির কাছে পাঠানো পদত্যাগপত্রটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন মন্ত্রণালয়ের ই-মেইলে পাঠানো হয়।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী গণমাধ্যমকে জানিয়েছেন, ‘বিচারপতি মামনুন রহমানের পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।’
সূত্র জানায়, বিনা ছুটিতে দীর্ঘ এক বছরের বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত তিনি। পরে এ বিষয়ে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতিকে প্রতিবেদন পাঠায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। কাউন্সিলের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে রাষ্ট্রপতি এর আগে হাইকোর্টের তিন বিচারপতিকে অপসারণ করেন।
২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ৯ জন বিচারপতি বর্তমানে আর দায়িত্বে নেই। বাকি তিনজন বিচারপতি পদে থাকলেও বেঞ্চের দায়িত্বে (বিচারিক কাজে নিয়োজিত) নেই।
এ ছাড়া সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ দাখিল হওয়ায় চলতি মাসে বিচারপতি এম আর হাসানকে ছুটিতে পাঠানো হয়।
ছুটিতে পাঠানো মোট ১৩ বিচারপতির বাইরেও হাইকোর্ট বিভাগের দুই বিচারপতি স্বেচ্ছায় কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাদের একজন বিচারপতি মামনুন রহমান।
