যে কারণে বাতিল হতে পারে প্রবাসীদের ভোট
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৯ পিএম
ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রবাসী ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালট আজকের মধ্যে (৫ ফেব্রুয়ারি) দেশে না পৌঁছালে তা বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন এ বিষয়ে ভোটারদের সতর্ক করে। এতে বলা হয়, ভোটাধিকার প্রয়োগের পর ব্যালট পেপার ও গণভোটের ব্যালট সাদা রঙের ব্যালট খামে রাখতে হবে। ঘোষণাপত্রে স্বাক্ষর করে সাদা ব্যালট খামসহ সেটি হলুদ খামের ভেতরে ঢুকিয়ে দ্রুততম সময়ে নিকটস্থ ডাকঘর বা ডাকবাক্সে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
আরো পড়ুন : এবার নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি
ইসি জানিয়েছে, ব্যালট যদি ৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে না পৌঁছায়, তাহলে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে তা পৌঁছানো সম্ভব নাও হতে পারে। ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পৌঁছাতে না পারলে সেটি ভোট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না। তাই প্রবাসী ভোটারদের যত দ্রুত সম্ভব তাদের ব্যালট পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মতো প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের ভেতরে তিন শ্রেণির ভোটার—সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কারাবন্দিদের জন্য পোস্টাল ভোটের ব্যবস্থা করা হয়েছে। এ ব্যবস্থায় প্রবাসী ভোটার ও দেশের অভ্যন্তরের তিন শ্রেণির ভোটার মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন।
