×

জাতীয়

জাপানের সঙ্গে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর চুক্তি অনুমোদন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৮:৪৮ এএম

জাপানের সঙ্গে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর চুক্তি অনুমোদন

ছবি : সংগৃহীত

জাপান ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত ‘সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর’ সংক্রান্ত চুক্তি অনুমোদন করেছে মন্ত্রিসভা। পাশাপাশি সাতটি বৃহৎ বিড়াল প্রজাতির সুরক্ষায় গঠিত বৈশ্বিক জোট ‘ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স’-এর ফ্রেমওয়ার্ক চুক্তিতে স্বাক্ষরের প্রস্তাবেও সম্মতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত মন্ত্রিসভার অষ্টম বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে জাপান ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত চুক্তির অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

অন্যদিকে, ‘ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স’-এর ফ্রেমওয়ার্ক চুক্তিতে স্বাক্ষরের বিষয়েও অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৩ সালের এপ্রিলে বাঘ, সিংহ, চিতাবাঘ, তুষার চিতাবাঘ, পুমা, জাগুয়ার ও চিটাসহ সাতটি বৃহৎ বিড়াল প্রজাতি সংরক্ষণের লক্ষ্য নিয়ে এই জোট গঠিত হয়। বর্তমানে জাতিসংঘের ২৪টি সদস্য রাষ্ট্রসহ বিভিন্ন দেশ এতে যুক্ত রয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া এই চুক্তির মূল লক্ষ্য হলো বৃহৎ বিড়াল প্রজাতির আবাসস্থল রক্ষা, অবৈধ শিকার ও বাণিজ্য প্রতিরোধ, এবং সদস্য দেশগুলোর মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় জোরদার করা।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, বাংলাদেশ রয়েল বেঙ্গল টাইগারের অন্যতম প্রধান আবাসস্থল হওয়ায় সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য ও সংরক্ষণের বিষয়টি বিবেচনায় রেখে এই চুক্তিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে ‘নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনের জন্য বৈশ্বিক চুক্তি’ বাস্তবায়নে ২০২৬-২০৩০ মেয়াদের খসড়া জাতীয় কর্মপরিকল্পনাও অনুমোদন করেছে মন্ত্রিসভা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে ২০১৮ সালে জাতিসংঘে এই বৈশ্বিক চুক্তি গৃহীত হয়। বাংলাদেশসহ ১৬৪টি দেশ এর অংশীদার। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ২০২০ সালে বাংলাদেশকে এই চুক্তির ‘চ্যাম্পিয়ন দেশ’ হিসেবে স্বীকৃতি দেয়। আইওএমের সহযোগিতায় বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে ২০২৬-২০৩০ মেয়াদের এই কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

বৈঠকে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ১৭ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত সাতটি মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদনও উপস্থাপন করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের তথ্যমতে, এ সময়ের মধ্যে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৭০ দশমিক ৭৩ শতাংশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিদ্ধান্ত বদলে পোল্যান্ডে আরও ৫ হাজার মার্কিন সেনা মোতায়েন

সিদ্ধান্ত বদলে পোল্যান্ডে আরও ৫ হাজার মার্কিন সেনা মোতায়েন

বাধা উপেক্ষা করে জাতিসংঘে জলবায়ু সংকট মোকাবিলার প্রস্তাব পাস

বাধা উপেক্ষা করে জাতিসংঘে জলবায়ু সংকট মোকাবিলার প্রস্তাব পাস

জাপানের সঙ্গে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর চুক্তি অনুমোদন

জাপানের সঙ্গে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর চুক্তি অনুমোদন

রণক্ষেত্র চট্টগ্রাম, পুলিশের গাড়িতে আগুন

রণক্ষেত্র চট্টগ্রাম, পুলিশের গাড়িতে আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App