হামের উপসর্গ
একদিনে রাজশাহী ও কুষ্টিয়ায় ৫ শিশুর মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০২:০১ পিএম
ছবি: সংগৃহীত
গত ২৪ ঘন্টায় রাজশাহী ও কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৫ শিশু। শুক্রবার (৩ এপ্রিল) রাত থেকে শনিবার সকাল পর্যন্ত এসব শিশুর মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দুটি শিশু। এর মধ্যে ৫ মাস বয়সী আইজা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৮ মাস বয়সী ইব্রাহিম কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা যায়। এ নিয়ে কুষ্টিয়ায় হামের উপসর্গে এখন পর্যন্ত শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় সংক্রমণ পরিস্থিতিও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩২০ জনে পৌঁছেছে। এর মধ্যে ২৩০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং আরো ৫ থেকে ৬ জন শিশুর অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় স্বাস্থ্য বিভাগ কাজ চালিয়ে যাচ্ছে।
এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালেও হামের প্রভাব উদ্বেগ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে তিন শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, মৃতদের মধ্যে দুজন চাঁপাইনবাবগঞ্জ এবং একজন নাটোরের বাসিন্দা। তাদের বয়স ছিল ৫ থেকে ৭ মাসের মধ্যে।
তিনি আরো জানান, হামের উপসর্গ নিয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থাতেই তাদের মৃত্যু হয়।
সাম্প্রতিক সময়ে রাজশাহী অঞ্চলে হামের সংক্রমণ বাড়তে থাকায় সতর্কতা জোরদার করার পাশাপাশি শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনার পরামর্শ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
