বগুড়া
কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৭:১০ পিএম
ছবি: সংগৃহীত
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় (২৪) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (৩১ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কলেজপাড়া এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওমর ফারুক সৌরভ ওই এলাকার শামীম আহমেদের ছেলে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, রবিবার গভীর রাতে ঘরের বাঁশের তীরের সঙ্গে ওমর ফারুককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার মা। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের পারিবারিক কলহের কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন ওমর ফারুক। এ কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নন্দীগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) রাজু কামাল বলেন, ‘মরদেহটি বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
