মিরপুরে এবার নারী ক্রিকেটারদের অনার্স বোর্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৮:১৩ পিএম
ছবি- সংগৃহীত
গত বছর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বসেছিল পুরুষ ক্রিকেটারদের অনার্স বোর্ড। টেস্টের পাশাপাশি ওয়ানডে ক্রিকেটারদের নামও সেখানে জায়গা পায়। তবে দেশের নারী ক্রিকেটারদের জন্য কোনো অনার্স বোর্ড ছিল না। এ নিয়ে তাদের মনে একটা আক্ষেপও ছিল।
নারী ক্রিকেটারদের সেই আক্ষেপ এবার দূর করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের উদ্যোগে মিরপুরে বসানো হয়েছে নারী ক্রিকেটারদের অনার্স বোর্ড। আজ মঙ্গলবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে তামিম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মূল ভবনে ঢোকার মুখে এক পাশের দেওয়ালে আগে থেকেই আছে ছেলেদের অনার্স বোর্ড। এখন ঠিক তার উল্টো পাশের দেওয়ালে জায়গা পেল মেয়েদের বোর্ডও।
ফেসবুক পোস্টে তামিম ইকবাল লিখেছেন, ‘এই দুটি বোর্ডে গর্বের অক্ষরে খোদাই করা আছে আমাদের জাতীয় ক্রিকেটারদের নাম, বাংলাদেশের হয়ে যারা খেলেছেন উইমেনস ওয়ানডে ও টি-টোয়েন্টি। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের মূল ভবনে ঢোকার মুখে এক পাশের দেওয়ালে ছেলেদের দলের অনার্স বোর্ড আছে। কিন্তু মেয়েদের অনার্স বোর্ড ছিল না। ওদের সঙ্গে বৈঠকের সময় ব্যাপারটি নিয়ে ওরা কিছুটা আক্ষেপ করেছিল। এখন একই প্রবেশমুখের আরেক পাশের দেওয়ালে মেয়েদের অনার্স বোর্ডও করা হয়েছে এবং এটা ওদের প্রাপ্য।’
তামিম আরও যোগ করেন, ‘নারী দল হোক বা পুরুষ দল, সবাই আন্তর্জাতিক ক্রিকেটার, সবাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, সবারই এই সম্মান প্রাপ্য। সবাই মিলেই আমরা বাংলাদেশের ক্রিকেট।’
