মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ছেন হার্দিক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৫:০৩ পিএম
হার্দিক পান্ডিয়া। ছবি- সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বড় ধাক্কা খেতে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। চলতি আসর শেষ হওয়ার আগেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। আগামী মৌসুমে তাকে আর মুম্বাইয়ের জার্সিতে দেখা যাবে না। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এই তথ্য নিশ্চিত করেছে।
২০২৪ সালে গুজরাট টাইটান্স ছেড়ে চড়া দামে মুম্বাইয়ে ফিরেছিলেন হার্দিক। তবে সফল অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে তাকে নেতৃত্ব দেওয়াটা মানতে পারেননি সমর্থকেরা। গত দুই মৌসুম ধরে প্রতিটি ম্যাচেই ঘরের মাঠে দর্শকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে তাকে।
আইপিএল সূত্র জানায়, হার্দিক এখন মানসিকভাবে বিপর্যস্ত। একই সঙ্গে পিঠের পুরোনো চোটেও ভুগছেন। চলতি আসরে মুম্বাইয়ের প্লে-অফের আশা শেষ হতেই ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন হার্দিক। ম্যানেজমেন্টও তার সিদ্ধান্ত মেনে নিয়েছে।
২০২১ সালে হার্দিক যেভাবে মুম্বাইয়ের ড্রেসিংরুম ছেড়েছিলেন, ২০২৪ সালে ফিরে সেই চেনা পরিবেশ আর পাননি। দলের সিনিয়র ক্রিকেটারদের অনেকেই তার অধিনায়কত্ব ও ক্রিকেট দর্শন পছন্দ করছিলেন না। মাঠ ও মাঠের বাইরের এই টানাপোড়েনই তাকে দল ছাড়ার সিদ্ধান্তে বাধ্য করেছে।
হার্দিক চলে গেলেও মুম্বাইয়ের সবচেয়ে বড় স্তম্ভ ৫টি ট্রফি জেতানো রোহিত শর্মা। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে আগামী মৌসুমে রোহিতকে আবার অধিনায়কত্বে ফিরিয়ে আনাটাই হবে ফ্র্যাঞ্চাইজির জন্য সবচেয়ে নিরাপদ ও জনপ্রিয় সিদ্ধান্ত।
তবে বিকল্প ভাবনাও আছে আম্বানিদের। রোহিতের প্রিয় পাত্র ও তরুণ ব্যাটার তিলক ভার্মাকে অধিনায়ক করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারে মুম্বাই। সে ক্ষেত্রে রোহিতকে রাখা হতে পারে মেন্টর বা সহ-অধিনায়ক হিসেবে। আগামী ৩ বছরের জন্য একটি শক্তিশালী তরুণ দল গড়ে তোলাই হবে এর মূল লক্ষ্য।
