বিশ্বকাপে দি মারিয়ার আইকনিক ‘১১’ নম্বর জার্সি পাচ্ছেন যিনি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৭:৪৫ পিএম
ছবি- সংগৃহীত
আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণার পাশাপাশি খেলোয়াড়দের জার্সি নম্বরও প্রকাশ করেছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপজয়ী দলের ১৭ জন সদস্যকে নিয়ে গড়া এই স্কোয়াডে জার্সি নম্বর নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক কৌতূহল ছিল। বিশেষ করে, কিংবদন্তি আনহেল দি মারিয়ার অবসরের পর তার ঐতিহাসিক ‘১১’ নম্বর জার্সিটি কে পাচ্ছেন, তা নিয়েই ছিল মূল আলোচনা।
আর্জেন্টাইন ফুটবলের অন্যতম সেরা তারকা আনহেল দি মারিয়া ২০২৪ সালের ১৫ জুলাই কোপা আমেরিকার ফাইনালে জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান। এই উইঙ্গার জাতীয় দল থেকে অবসর নেওয়ায় তার বিখ্যাত ১১ নম্বর জার্সিটি এবার উঠেছে মিডফিল্ডার জিওভানি লো সেলসোর কাঁধে। ২৬ সদস্যের দলে এই আইকনিক নম্বরটি পরে এবার বিশ্বকাপের মাঠে দেখা যাবে তাকে।
দলের প্রাণভোমরা ও অধিনায়ক লিওনেল মেসি যথারীতি তার চেনা ১০ নম্বর জার্সি পরেই মাঠে নামবেন। ২০১০ সাল থেকে প্রতিটি বিশ্বকাপে এই নম্বরটি পরেই তিনি আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করছেন।
এ ছাড়া আক্রমণভাগের অন্যতম ভরসা তরুণ স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ পাচ্ছেন ৯ নম্বর জার্সি। আর গোলপোস্টের নিচে বিশ্বস্ত দেয়াল এমিলিয়ানো মার্টিনেজ বরাবরের মতোই ২৩ নম্বর জার্সি পরে মাঠে নামবেন।
আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডের জার্সি তালিকা:
১ নম্বরে হুয়ান মুসো, ২ নম্বরে লিওনার্দো বালের্দি, ৩ নম্বরে নিকোলাস তাগলিয়াফিকো, ৪ নম্বরে গনসালো মন্তিয়েল, ৫ নম্বরে লিয়ান্দ্রো পারেদেস, ৬ নম্বরে লিসান্দ্রো মার্টিনেজ, ৭ নম্বরে রদ্রিগো ডি পল, ৮ নম্বরে ভ্যালেন্তিন বার্কো, ৯ নম্বরে হুলিয়ান আলভারেজ এবং ১০ নম্বরে লিওনেল মেসি।
১১ নম্বরে জিওভানি লো সেলসো, ১২ নম্বরে জেরোনিমো রুলি, ১৩ নম্বরে ক্রিস্তিয়ান রোমেরো, ১৪ নম্বরে এক্সেকিয়েল পালাসিওস, ১৫ নম্বরে নিকোলাস গনসালেস, ১৬ নম্বরে থিয়াগো আলমাদা, ১৭ নম্বরে জুলিয়ানো সিমেওনে, ১৮ নম্বরে নিকো পাজ, ১৯ নম্বরে নিকোলাস ওতামেন্দি এবং ২০ নম্বরে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার রয়েছেন।
দলের বাকি খেলোয়াড়দের মধ্যে ২১ নম্বরে হোসে ম্যানুয়েল লোপেস, ২২ নম্বরে লাউতারো মার্টিনেজ, ২৩ নম্বরে এমিলিয়ানো মার্টিনেজ, ২৪ নম্বরে এনজো ফার্নান্দেজ, ২৫ নম্বরে ফাকুন্দো মেদিনা এবং ২৬ নম্বরে নাহুয়েল মোলিনা খেলবেন।
