এপ্রিলে তীব্র তাপপ্রবাহের আভাস, তাপমাত্রা উঠবে ৪২ ডিগ্রি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পিএম
ছবি : সংগৃহীত
চলতি এপ্রিল মাসে দেশে ২-৪টি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং ১-২টি তীব্র (৪০-৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহের আভাস রয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের এপ্রিল মাসব্যাপী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দেশে ৫-৭ দিন হালকা বা মাঝারি এবং ১-৩ দিন তীব্র কালবৈশাখি ঝড়সহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
চুয়াডাঙ্গায় তাপমাত্রার ঊর্ধ্বগতি জনজীবনকে অস্থির করে তুলেছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৩৪ শতাংশ, যা গরমের তীব্রতা আরো বাড়িয়েছে। এর আগে বুধবার বিকেল তাপমাত্রা ছিল ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস।
আরো পড়ুন : ৩৮ ডিগ্রি ছাড়িয়েছে চুয়াডাঙ্গার তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ
হঠাৎ তাপমাত্রা বৃদ্ধিতে খেটে খাওয়া মানুষ ও মোটরসাইকেল চালকরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। জেলার তেল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা চালকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। শহরের বিভিন্ন এলাকায় তীব্র গরমে সড়কের পিচও গলে উঠতে দেখা গেছে।
দিনমজুরদের অবস্থাও করুণ। তারা জানান, রোদ এত বেশি যে কাজ ঠিকমতো করা যায় না। তবু পেটের দায়ে কাজ করতে হচ্ছে। দুপুরের রোদে শরীর জ্বলছে। গরমে কাজ করা খুব কষ্ট, একটু পরপরই বিশ্রাম নিতে হয়, কিন্তু বেশি বিশ্রাম নিলে আয় কমে যায়।
