সুব্রত বাইনের সহযোগী কে এই বিপু
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮ পিএম
ছবি: সংগৃহীত
শুক্রবার রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদসহ আটক হওয়া মেহেদী হাসান বিপু মূলত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী বলে জানা গেছে।
তার বিরুদ্ধে রাজধানীর বাড্ডা, গুলশান ও বারিধারায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে, আর সন্ত্রাসী মেহেদি কলিন্স ও গোলাম মর্তুজা বাবুও বিপুর ঘনিষ্ঠজন বলে জানিয়েছে পুলিশের সূত্রগুলো।
কে এই বিপু?
পুলিশ সূত্রে জানায়, সন্ত্রাসী সুব্রত বাইনের হয়ে রাজধানীর রামপুরা,বনশ্রী, বাড্ডা, ভাটারা, বারিধারা ও গুলশান এলাকার নিয়ন্ত্রণ করে আসছিলেন এই বিপু। তার সহযোগীদের কাছে আরো অস্ত্র রয়েছে এবং এসব অস্ত্র মূলত সুব্রত বাইন ও আরেক শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদের বলে সূত্র জানায়।
গত বছরের মে মাসে যৌথ বাহিনী অভিযানে সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই সুব্রত বাইনের হয়ে অপরাধজগৎ নিয়ন্ত্রণ করে আসছিলেন মেহেদী।
পুলিশ জানায়, গতকালের ঘটনায় দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া বিপু শীর্ষ শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের দীর্ঘদিনের সহযোগী। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় অস্ত্র ও গোলাবারুদ বিক্রিতে জড়িত ছিলেন।
পুলিশ সূত্রে আরো জানা যায়, সুব্রত বাইনের সহযোগী হিসেবে মেহেদী হাসান, ওয়াসির মাহমুদ সাঈদ ওরফে বড় সাঈদ, গোলাম মর্তুজা বাবু ওরফে মধু বাবু, সোহেল ওরফে কান্নি সোহেল কাজ করেন। গত ১ বছরে তারা একাধিক হত্যার ঘটনা ঘটিয়েছেন। যার মধ্যে গত বছরের ২০ মার্চ গুলশানের পুলিশ প্লাজার সামনে ইন্টারনেট সংযোগের ব্যবসার সঙ্গে জড়িত সুমন নামের একজনকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওয়াসির মাহমুদ সাঈদকে গ্রেপ্তার করা হয়। তাদের গ্রেপ্তারের দু’মাস পর জামিনে বেরিয়ে আসেন সাঈদ।
মেহেদীর সঙ্গে বাড্ডা ৩৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম ও তার ভাই আলমগীরেরও ঘনিষ্ঠতা রয়েছে বলে তথ্য পেয়েছে পুলিশ।
আরও পড়ুন: রাজধানীতে বিপুল পরিমাণ বিদেশী অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
