আড়াই কোটি ক্যাপ্টাগন ট্যাবলেট জব্দ করলো সিরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬, ১১:০৫ পিএম
ছবি- সংগৃহীত
সিরিয়ায় মাদকবিরোধী এক বিশাল অভিযানে ২৫ মিলিয়ন (আড়াই কোটি) ক্যাপ্টাগন ট্যাবলেট জব্দ করা হয়েছে। আজ বুধবার (২০ মে) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, জব্দ করা মাদকের এই বিশাল চালানটি বিদেশে পাচারের উদ্দেশ্যে মাটির পাত্রের ভেতরে অত্যন্ত নিখুঁতভাবে লুকিয়ে রাখা হয়েছিল।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা’র প্রতিবেদন অনুযায়ী, এই বিশাল মাদক চালানের পেছনে থাকা চোরাকারবারি চক্রটিকে পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে সিরীয় কর্তৃপক্ষ। চক্রের মূল নেতাসহ এর সাত সদস্যের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।
মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া অতি-আসক্তিময় অ্যাম্ফিটামিন-জাতীয় মাদক ‘ক্যাপ্টাগন’-এর বাণিজ্য বন্ধ করতে ওই অঞ্চলের দেশগুলো এখন একযোগে কাজ করছে। সিরিয়ার গৃহযুদ্ধের সময় এই মাদকটি ব্যাপক আকারে উৎপাদিত হতো। তখন এটি ছিল বাশার আল-আসাদ সরকারের অর্থায়নের অন্যতম প্রধান উৎস। তবে আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ার নতুন কর্তৃপক্ষ দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক ক্যাপ্টাগনের বিশাল চালান জব্দ করছে।
চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, বেলুনের মাধ্যমে জর্ডানে বিপুল পরিমাণ ক্যাপ্টাগন পাচারের একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে দেশের আইনপ্রয়োগকারী বাহিনী। চোরাকারবারিরা সীমান্তের নজরদারি এড়াতে ট্র্যাকিং সিস্টেমযুক্ত দূরনিয়ন্ত্রিত (রিমোট-কন্ট্রোলড) বেলুন ব্যবহার করেছিল।
এই ঘটনার পর জর্ডানের সামরিক বাহিনী তাদের উত্তর সীমান্তে মাদক ও অস্ত্র পাচারকারী চক্রকে লক্ষ্য করে বিমান হামলা চালায়। একে তারা ‘জর্ডানীয় প্রতিরোধ অভিযান’ হিসেবে অভিহিত করেছে। জর্ডান সেনাবাহিনীর দাবি, তারা পাচারকারীদের ব্যবহৃত বেশ কয়েকটি আস্তানা, কারখানা ও গুদাম ধ্বংস করেছে।
এর আগে গত ফেব্রুয়ারি মাসেও সিরীয় কর্তৃপক্ষ একটি চক্রের কাছ থেকে ৭৫টি হট-এয়ার বেলুনসহ ২০ লাখেরও বেশি ক্যাপ্টাগন ট্যাবলেট জব্দ করেছিল। এগুলো জর্ডানে পাচারের জন্য প্রস্তুত করা হচ্ছিল। একই মাসে ইরাকি ও সিরীয় বাহিনীর যৌথ অভিযানেও ৪ লাখের বেশি ক্যাপ্টাগন ট্যাবলেট জব্দ করা হয়।
