খুমেকে আগুন ও রোগীর মৃত্যুতে তদন্ত কমিটি গঠন
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬, ১০:৫১ পিএম
ছবি: সংগৃহীত
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড ও আইসিইউ থেকে রোগী সরানোর সময় এক নারীর মৃত্যুর ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে এ কমিটি গঠন করা হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলাম।
হাসপাতালের সহযোগী অধ্যাপক দিলীপ কুমার কুন্ডুকে সভাপতি ও তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামানকে সদস্যসচিব করে এ কমিটি গঠন করা হয়। অন্য সদস্যরা হলেন- সহযোগী অধ্যাপক ডা. জ্যোতির্ময় সাহা, সহকারী পরিচালক ডা. কাজী আহসান হাবিব এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রতিনিধি এস এম মেহেদী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, কমিটিকে ক্ষতিগ্রস্ত অংশের সার্বিক অবস্থা পর্যালোচনা, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে সকালে হাসপাতালের বি ব্লকের দ্বিতীয় তলার ইমারজেন্সি ওটি ও পোস্ট-অপারেটিভ ওয়ার্ডের স্টোররুম, চিকিৎসকদের বসার কক্ষ এবং অপারেশন থিয়েটারের কিছু অংশে অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতি হয়। আগুন থেকে রক্ষার জন্য নিরাপদ স্থানে সরাতে গিয়ে একজন রোগীর মৃত্যু হয়। নিহত রোগীর নাম নাসরিন নাহার। তিনি খুলনার কয়রা উপজেলার নেছার আলীর মেয়ে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নাসরিন নাহার আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আগুন লাগার পর দ্রুত বাইরে নেওয়া হলে হাসপাতালের বারান্দায় তার মৃত্যু হয়। একই আইসিইউতে থাকা শেখ আবুল হাসেম (৯৬) নামের দিঘলিয়া উপজেলার আরেক রোগী আগুন লাগার আগেই ভোর ৫টার দিকে মারা যান।
ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্র জানায়, আজ ভোর সাড়ে ৫টার দিকে হাসপাতালের চারতলা ভবনের তৃতীয় তলায় পুরোনো আইসিইউ ইউনিটের পাশের একটি স্টোররুমে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
