চীন থেকে কেনা হচ্ছে ৪টি নতুন জাহাজ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১০ পিএম
ছবি: সংগৃহীত
দেশের জাহাজ চলাচল সক্ষমতা বাড়াতে ও বাণিজ্য সম্প্রসারণে সহায়তার জন্য চীন থেকে চারটি নতুন জাহাজ ক্রয় করছে বাংলাদেশ। এ উদ্দেশ্যে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ও চীন সরকারের পক্ষে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন যৌথভাবে চুক্তিতে সই করেন।
ঢাকার চীনা দূতাবাস জানায়, ক্রয়কৃত জাহাজগুলোর মধ্যে দু’টি ক্রুড অয়েল মাদার ট্যাংকার ও দু’টি মাদার বাল্ক ক্যারিয়ার। ক্রুড অয়েল ট্যাংকারে ব্যয় হবে ১৫ কোটি ১৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। আর দু’টি মাদার বাল্ক ক্যারিয়ারে ব্যয় হবে ৮ কোটি ৯৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘নতুন চারটি জাহাজ সংগ্রহ প্রকল্প বাংলাদেশের জাহাজ চলাচল ক্ষমতা বাড়াবে, বৈদেশিক বাণিজ্য আরও সম্প্রসারণে সহায়তা করবে এবং সামুদ্রিক স্বায়ত্তশাসন উন্নত করবে। চীন বাংলাদেশের সব মানুষের প্রতি সুপ্রতিবেশী ও বন্ধুত্বের নীতি অনুসরণ অব্যাহত রাখবে, চীন-বাংলাদেশ অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাকে নতুন মাত্রায় উন্নীত করবে এবং বাংলাদেশের জনগণের জন্য আরও সুবিধা বয়ে আনবে।’
