চাঁদপুর-২
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণধিকার প্রার্থী
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১০ পিএম
ছবি: সংগৃহীত
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী গণঅধিকার পরিষদের প্রার্থী গোলাফ হোসেন বিএনপির মনোনীত প্রার্থী ড. মো. জালাল উদ্দিনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামে ড. মো. জালাল উদ্দিনের বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে গোলাফ হোসেন বলেন, ‘দেশের বৃহত্তর স্বার্থে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমাদের দল রাজনৈতিকভাবে বিএনপির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। সে কারণেই চাঁদপুর-২ আসনে আমি বিএনপির প্রার্থীকে পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।’
তিনি আরও বলেন, চাঁদপুর-১ ও চাঁদপুর-৩ আসনের মতো চাঁদপুর-২ আসনেও রাজনৈতিক ঐক্যের অংশ হিসেবে গণঅধিকার পরিষদ বিএনপির পক্ষে কাজ করবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. জালাল উদ্দিন গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ মতলব গড়ে তুলতে চাই। যে মতলবে থাকবে না সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি। মানুষের ন্যায্য অধিকার ও উন্নয়নই হবে আমাদের রাজনীতির মূল লক্ষ্য।’
