জ্বালানি সংকট বিষয়ে সংসদে ১০ সদস্যের কমিটি গঠন
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে বাংলাদেশে সৃষ্ট জ্বালানি সংকট সমাধানের উদ্দেশ্যে ১০ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব জাতীয় সংসদে পাস হয়েছে। সরকারি ও বিরোধী দল থেকে পাঁচ জন করে সদস্য নিয়ে গঠিত এ কমিটির মেয়াদ হবে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিন।
রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে এই কমিটি গঠনের প্রস্তাবটি উত্থাপন করেন চিফ হুইপ নুরুল ইসলাম।
চিফ হুইপ বলেন, ‘সাম্প্রতিক জ্বালানি সংকটে গঠিত কমিটি সুপারিশসহ সংসদে প্রতিবেদন জমা দেবে। সরকার ও বিরোধীদল মিলে জাতীয় সংসদে কমিটি গঠনের এমন নজর বিরল। এর আগে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় সরকার ব্যবস্থায় রূপান্তরে সরকার ও বিরোধী দল একমত হয়েছিল।’
এর আগে, গত ২৩ এপ্রিল ইরান যুদ্ধকে কেন্দ্র করে দেশের ভেতরে তৈরি হওয়া জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটি গঠনের জাতীয় সংসদে প্রস্তাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কমিটির সভাপতি করা হয়েছে জ্বালানিমন্ত্রী ইকবাল মোহাম্মদ টুকুকে। সরকারি দলের পক্ষ থেকে রাখা কমিটির পাঁচ সদস্য হলেন, জ্বালানিমন্ত্রী ইকবাল মোহাম্মদ টুকু, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এবিএম আশরাফউদ্দিন (লক্ষ্মীপুর-৪), মইনুল ইসলাম শান্ত (মানিকগঞ্জ-২) এবং মিয়া নুরুদ্দিন আহমেদ অপু (শরীয়তপুর-৩)।
আর বিরোধী দলের পাঁচ সদস্য হলেন, সাইফুল আলম মিলন (ঢাকা-১২), আবদুল বাতেন (ঢাকা-১৬), মো. নূরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩), এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত (কুমিল্লা-৪) এবং খেলাফত মজলিশের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান (সিলেট-৫)।
