পাকিস্তানে একযোগে সন্ত্রাসী হামলা: নিহত ৩৩
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৯ এএম
ছবি : সংগৃহীত
পাকিস্তানের বিভিন্ন জেলায় একযোগে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৩১ জানুয়ারি) এসব হামলায় দেশটির অন্তত ১৮ জন বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর ১৫ জন সদস্য নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং এ তথ্য জানিয়েছে। খবর প্রকাশ করেছে জিও নিউজ।
হামলার পরপরই বেলুচিস্তানে ব্যাপক পাল্টা অভিযান শুরু করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। অভিযানে অন্তত ৯২ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে পাক সেনাবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, ৩১ জানুয়ারি ভারত-সমর্থিত সন্ত্রাসীরা একাধিক স্থানে সমন্বিত হামলা চালায়।
আইএসপিআরের তথ্যমতে, সন্ত্রাসীরা কোয়েটা, মাস্তুং, নুশকি, ডালবানদিন, খারান, পাঞ্জৌর, গোয়াদার ও পানসি এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায়। এতে অন্তত ১৮ জন বেসামরিক নাগরিক শহীদ হন।
আরো পড়ুন : পাকিস্তানে ট্রাক খালে পড়ে এক পরিবারের ১৪ জন নিহত
বিবৃতিতে আরো বলা হয়, হামলার পর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে তীব্র অভিযান শুরু করে। অভিযানে ৯২ জন ভারত-সমর্থিত সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করা হয়। তবে অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর ১৫ জন সদস্যও প্রাণ হারান।
এ ঘটনায় বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির সঙ্গে ফোনে কথা বলেন। মুখ্যমন্ত্রী জানান, সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযান প্রায় সম্পন্নের পথে।
স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেন, এসব হামলার পরিকল্পনা ভারত থেকে করা হয়েছে। তিনি সন্ত্রাসীদের উদ্দেশ্য ব্যর্থ করে দেওয়া এবং তাদের নেতৃত্বকে সম্পূর্ণভাবে নিঃশেষ করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
