তাসনিম জারার নির্বাচনি ইশতেহার ঘোষণা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪০ পিএম
ছবি : সংগৃহীত
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও কোটা বাতিলসহ ছয় দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ মাঠে আয়োজিত এক সভায় তিনি তার ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
ইশতেহার ঘোষণা শেষে বক্তব্যে তাসনিম জারা বলেন, তিনি ভিন্ন ধারার রাজনীতি বাস্তবে সম্ভব—এটি প্রমাণ করতে চান। তিনি জানান, শুরু থেকেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচনের আগে কোটি কোটি টাকা ব্যয় করবেন না, শহরজুড়ে লাখ লাখ পোস্টার লাগিয়ে পরিবেশ নোংরা করবেন না এবং অতিরিক্ত লাউডস্পিকার ব্যবহার করে জনগণের দুর্ভোগ বাড়াবেন না।
তিনি বলেন, ‘লাখ লাখ পোস্টার কিংবা শোডাউনের চেয়ে ব্যক্তিগত সম্পর্ক এবং আন্তরিক কথোপকথন অনেক বেশি শক্তিশালী। যারা নতুন ধারার রাজনীতিতে বিশ্বাস করেন এবং আস্থা রাখেন, তারা আপনাদের প্রিয়জন পাঁচজনের সঙ্গে কথা বলুন। এলাকাবাসীকে বোঝান—নতুনভাবে রাজনীতি করা সম্ভব।’
অর্থ ও পেশিশক্তির বাইরে গিয়েও যে নির্বাচনে জয়ী হওয়া যায়, সেটি ঢাকা–৯ আসন থেকেই প্রমাণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় তিনি আসন্ন নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
